32 C
Kolkata
Wednesday, September 9, 2026
spot_img

রেজিনগরে বাবার পর মাঠে নামছেন পুত্র! বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মনোনয়ন জমা গোলাম নবির!

Aaj India Desk, মুর্শিদাবাদ : রেজিনগর উপনির্বাচনের (Rejinagar By Election) আগে বিজেপিকে রুখতে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। সেই আবহেই বুধবার রেজিনগর বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তাঁর পুত্র তথা দলের প্রার্থী গোলাম নবি আজাদ। মনোনয়ন জমা দিয়ে গোলাম নবির দাবি, ভোটের লড়াইয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি। পাশাপাশি নিজের জয়ের ব্যাপারে ‘১০০ শতাংশ আশাবাদী’ বলেও জানিয়েছেন তিনি।

প্রথম দিনেই মনোনয়ন

বুধবার থেকে রেজিনগর (Rejinagar By Election) ও নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। প্রথম দিনেই বহরমপুরে জেলাশাসক ভবনে গিয়ে মনোনয়ন জমা দেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবি আজাদ। মনোনয়ন জমা দেওয়ার পরই তিনি স্পষ্ট করে দেন, ভোটের লড়াইয়ে বিজেপিকেই মূল প্রতিপক্ষ হিসেবে দেখছেন তাঁরা।

গোলাম নবির কথায়, “এর আগেও বিজেপিই ছিল। এখনও বিজেপিই থাকবে। অন্য কোনও দল থাকবে বলে আমার মনে হয় না।” তাঁর এই মন্তব্য ঘিরে রেজিনগরের উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

জয়ের বিষয়ে ‘১০০ শতাংশ’ আশাবাদী

মনোনয়ন জমা দিয়ে গোলাম নবি বলেন, “আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।” তাঁর দাবি, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রেজিনগর কেন্দ্রে তাঁর বাবা হুমায়ুন কবীর জয়ী হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তাঁরা এলাকায় রাজনীতি করছেন এবং মানুষের সঙ্গে রয়েছেন বলেও দাবি করেন তিনি। গোলাম নবির বক্তব্য, সেই রাজনৈতিক যোগাযোগই উপনির্বাচনে (Rejinagar By Election) তাঁদের শক্তি। তাঁর আশা, এবারও মানুষ তাঁদের পাশে থাকবেন।

উল্লেখ্য, রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট হবে। ৯ অক্টোবর ফল ঘোষণা। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর থেকে। প্রথ দিনেই মনোনয়ন জমা দিয়ে প্রস্তুতি শুরু করেছেন হুমায়ুন পুত্র। তবে রেজিনগরে হুমায়ুন কবীরের জেতার পর এবার তাঁর পুত্র গোলাম নবি আজাদের প্রার্থী হওয়া এবং বিজেপিকে সরাসরি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন