Aaj lndia Desk,দক্ষিণ ২৪ পরগনায়: দক্ষিণ ২৪ পরগনায় ফের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ক্যানিং থানার তালদি এলাকায় কম্পিউটার ক্লাসে যাওয়ার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে একটি হার্ডওয়্যারের দোকানে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় কমল মণ্ডল নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের কৃষ্ণকালী এলাকার বাসিন্দা কমল মণ্ডল। তালদি স্টেশন সংলগ্ন জনকল্যাণ মোড়ে তাঁর হার্ডওয়্যারের দোকান রয়েছে। বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টা নাগাদ ওই ছাত্রী কম্পিউটার কোচিংয়ে যাচ্ছিল। সেই সময় অভিযুক্ত ব্যবসায়ী তাকে নতুন জলের বোতল দেওয়ার কথা বলে কাছে ডাকার চেষ্টা করেন বলে অভিযোগ।
অভিযোগ, ছাত্রীটি তাঁর কথায় সাড়া না দেওয়ায় তাকে জোর করে দোকানের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে ভয় দেখিয়ে তার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি।
ভয়ে চিৎকার শুরু করে ওই ছাত্রী। এরপর পরিস্থিতি বুঝে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। কোনওরকমে দোকান থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায় সে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দোকানে গিয়ে প্রতিবাদ জানান বলে জানা গিয়েছে।
পরিবারের অভিযোগ, বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য কমল মণ্ডল দুই লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরে সুবিচারের দাবিতে পরিবার স্থানীয় ‘তালদি এসটি, এসসি, ওবিসি অ্যান্ড মাইনরিটি সোসাইটি’-র সাহায্য নেয়।
এদিকে পরিস্থিতি বুঝে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর তার সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
এর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। সেই ঘটনার পর ফের ক্যানিংয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসায় এলাকায় নতুন করে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।


