Aaj India Desk, কলকাতা: রাজ্যের ২৪৭টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে (Govt. Aided College) নতুন করে পরিচালন সমিতি গঠন করা হচ্ছে। আর এই নতুন ব্যবস্থায় একাধিক কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে দেখা যাচ্ছে স্থানীয় বিজেপি বিধায়ক ও সাংসদদের (BJP MLA and MP’s) । এমনকী উচ্চশিক্ষামন্ত্রীও নিজের এলাকার একটি কলেজের দায়িত্বে থাকছেন।
উল্লেখ্য, গত মে মাসে সরকার গঠনের পর রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। এরপর থেকেই নতুন করে কাদের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা চলছিল। সম্প্রতি নবান্নে (Nabanna) ৪১টি দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর শিক্ষাক্ষেত্রেও বড় কোনও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা শুরু হয়েছিল।
এরপরই উচ্চশিক্ষা দফতরের তরফে নতুন পরিচালন সমিতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৭ সালের সংশ্লিষ্ট আইন মেনে বিভিন্ন কলেজের পরিচালন সমিতির শীর্ষ পদে বিধায়ক ও সাংসদদের রাখা হয়েছে। তবে যে সব বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের বিধায়ক রয়েছেন, সেই এলাকাগুলির কলেজেও বিজেপির নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
কলকাতার একাধিক কলেজেও এই পরিবর্তন দেখা গিয়েছে। আশুতোষ কলেজের পরিচালন সমিতির দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত। সুরেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতিতে রয়েছেন কৌস্তভ বাগচী। গুরুদাস কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণজ্যোতি তিওয়ারিকে। বিদ্যাসাগর কলেজের পরিচালন সমিতির শীর্ষে রয়েছেন তাপস রায়। সিটি কলেজের পরিচালন সমিতিতে রয়েছেন কল্যাণ চক্রবর্তী। হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের সভাপতি করা হয়েছে উমেশ রাইকে।
উত্তরবঙ্গেও একাধিক কলেজের পরিচালন সমিতিতে নতুন মুখ দেখা যাচ্ছে। কোচবিহারের ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ের পরিচালন সমিতিতে রয়েছেন রথীন্দ্র বোস। বঙ্গবাসী কলেজ, বালুরঘাট কলেজ এবং গঙ্গারামপুর কলেজের পরিচালন সমিতিতে থাকছেন ড. সুকান্ত মজুমদার।
এছাড়াও বাঁকুড়ার ওন্দা থানা মহাবিদ্যালয় এবং রামানন্দ কলেজের পরিচালন সমিতিতে দায়িত্ব পেয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। মহিষাদল রাজ কলেজের পরিচালন সমিতিতে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোনারপুর মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির দায়িত্বে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। ফলে ২৪৭টি কলেজের নতুন পরিচালন সমিতি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কলেজ পরিচালনার ক্ষেত্রে এই নতুন সমীকরণ আগামী দিনে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর।


