Aaj India Desk, কলকাতা : বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির মামলায় (Assembly Signature Forgery Case) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় স্বস্তি দিয়ে এবার তাঁর অন্তর্বর্তী সুরক্ষা আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। অন্যদিকে মামলায় তদন্তকারী সংস্থার জমা দেওয়া রিপোর্ট নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে আদালত।
শুনানিতে CID-এর রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কৌশিক চন্দ। আদালতের পর্যবেক্ষণ, তদন্তে (Assembly Signature Forgery Case) আরও অগ্রগতি প্রয়োজন। CID-কে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, “কারও হাত বাঁধা নেই। আরও তদন্ত করুন, কোনও সমস্যা নেই।” পাশাপাশি আদালত জানতে চায়, তদন্ত শেষ করতে আরও কতটা সময় লাগবে। এছাড়া CID-এর রিপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাক্ষর জালিয়াতির ঘটনায় দায়ী করা হলেও বিচারপতি জানতে চান, নথি জাল হয়ে থাকলেও তার সঙ্গে অভিষেকের সরাসরি যোগের প্রমাণ কী। অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, তাঁর মক্কেল একজন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, বিধায়ক নন। তাঁর বক্তব্য, অভিষেক ওই বৈঠকে উপস্থিতও ছিলেন না। দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি শুধু প্রস্তাবটি বিধানসভার স্পিকারের কাছে পাঠিয়েছিলেন।
এরপরেই শুনানিতে (Assembly Signature Forgery Case) কোনও বৈঠকে উপস্থিত থাকা বা দলের সাংগঠনিক দায়িত্বে থাকা মানেই নথি জাল করার সঙ্গে সরাসরি যুক্ত থাকা নয় বলে স্পষ্ট জানিয়ে দেয় আদালত। এর আগে হাই কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। তদন্তের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা গেলেও গ্রেপ্তারির মতো কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া ছিল। সোমবার এই শুনানির পর সেই সুরক্ষার মেয়াদ আরও বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হল। একইসঙ্গে তদন্তে কোনও বাধা নেই বলে স্পষ্ট করে CID-কে আরও তথ্য-প্রমাণ সংগ্রহের সুযোগ দিয়েছে আদালত।


