Aaj India Desk, কলকাতা: শিক্ষক নিয়োগে (Teacher Recruitment) বড় আপডেট। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশোধিত প্রাথমিক তালিকায় নতুন করে জায়গা পাওয়া প্রার্থীদের জন্য ইন্টারভিউ (Interview) প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে নথি যাচাই, মৌখিক পরীক্ষা এবং পাঠদানের দক্ষতা যাচাই।
কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ অক্টোবর বাংলা ও ৮-৯ অক্টোবর অর্থনীতির প্রার্থীদের ইন্টারভিউ হবে। ৯ অক্টোবর ইতিহাস, ৯, ১২ ও ১৩ অক্টোবর সংস্কৃত, ১২ অক্টোবর ইংরেজি এবং ১৩ অক্টোবর গণিতের প্রার্থীদের ডাকা হয়েছে।ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইটে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের ডাকপত্র প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা সেখান থেকেই নিজেদের কল লেটার ডাউনলোড করতে পারবেন।
ইন্টারভিউয়ের দিন অনলাইনে আবেদনের সময় দেওয়া তথ্যের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় সমস্ত নথি ও শংসাপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। জমা দেওয়া তথ্যের সত্যতা প্রমাণে প্রয়োজনীয় নথি দেখাতে না পারলে আবেদন বাতিল করার অধিকার কমিশনের রয়েছে। এছাড়াও নির্ধারিত দিনে নথি যাচাই বা ইন্টারভিউতে অনুপস্থিত থাকলে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। বিজ্ঞপ্তিতে এমনটাই স্পষ্ট করেছে স্কুল সার্ভিস কমিশন।


