28 C
Kolkata
Friday, August 14, 2026
spot_img

১৬ অগাস্টের পর LPG e-KYC না করলে কী হবে? কানেকশন নিয়ে বড় খবর

Aaj India Desk, কলকাতা: হাতে আর খুব বেশি সময় নেই। আগামী ১৬ অগাস্টের মধ্যে LPG e-KYC সম্পন্ন করার কথা বলা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে e-KYC না করলে গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যাবে কি না, বেশি দামে সিলিন্ডার কিনতে হবে কি না এই নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এবার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশন ও ইন্ডিয়ান এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজন বিশ্বাস।

তাঁর বক্তব্য অনুযায়ী, ১৬ অগাস্টের পর e-KYC না করা গ্রাহকদের ক্ষেত্রে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কারণ কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট তেল সংস্থার তরফে এখনও এই বিষয়ে নির্দিষ্ট কোনও নির্দেশিকা তাঁদের কাছে পৌঁছয়নি। ফলে e-KYC না করলেই সরাসরি LPG কানেকশন কেটে দেওয়া হবে এমন কথা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে e-KYC সম্পূর্ণ না করলে ভবিষ্যতে ঘরোয়া LPG সিলিন্ডারের পরিবর্তে বাণিজ্যিক গ্যাসের দামে সিলিন্ডার কিনতে হতে পারে, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজন বিশ্বাস। যদিও কত টাকা দিতে হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য তেল সংস্থা বা মন্ত্রকের তরফে জানানো হয়নি।

মৃত আত্মীয়ের নামে কানেকশন থাকলে কী করবেন?

অনেক পরিবারের LPG কানেকশন এখনও প্রয়াত বাবা-মা বা অন্য আত্মীয়ের নামে রয়েছে। এই ধরনের কানেকশন সঠিক ব্যক্তির নামে স্থানান্তরের বিষয়টিও e-KYC প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বিজন বিশ্বাস জানিয়েছেন, আইনগত উত্তরাধিকারীর নামে কানেকশন ট্রান্সফার করলে তুলনামূলকভাবে খরচ ও ঝামেলা কম। সাধারণত নতুন করে সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজন হয় না। তবে কতদিন ধরে ভর্তুকি জমা হয়েছে, সেই হিসাবের ভিত্তিতে নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অন্য কোনও আত্মীয়ের নামে কানেকশন স্থানান্তর করতে হলে সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে।

১৬ অগাস্টের মধ্যে ট্রান্সফার না হলে কি কানেকশন বন্ধ?

এক্ষেত্রেও গ্রাহকদের আশ্বস্ত করেছেন বিজন বিশ্বাস। তাঁর দাবি, ১৬ অগাস্টের আগে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দেওয়া থাকলে সেটি এন্ট্রি হিসেবে গণ্য হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগলেও তার জন্য গ্রাহককে অতিরিক্ত দামে গ্যাস কিনতে হবে না।

তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই LPG e-KYC বা প্রয়োজনীয় নাম ট্রান্সফারের প্রক্রিয়া শুরু করে দেওয়াই নিরাপদ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন