Aaj India Desk, নয়া দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে লোক কল্যাণ মার্গে তাঁর বাসভবনে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক শেষ হল। বৈঠকে পূর্ব ভারতের উন্নয়ন এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান NCPI সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। তবে বৈঠকে অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেবের অনুপস্থিতি নিয়ে তৈরি হয় জল্পনা। যদিও পরে মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন।
কেনো অনুপস্থিত ছিলেন দেব ?
দেবের হঠাৎ এনসিপিআই শিবিরে যোগদানের পর থেকেই রাজনৈতিক মঞ্চে তাঁর অনুপস্থিতি বিশেষ ভাবে নজর কেড়েছে সকলের। এর মধ্যেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে NCPI সাংসদদের ব্রেকফাস্ট বৈঠকে তাঁর গরহাজিরা ঘিরে উঠছে প্রশ্ন। তবে তাঁর অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আসেনি। দেব বা NCPI-র তরফে এ বিষয়ে কোনও সরকারি ব্যাখ্যাও দেওয়া হয়নি। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে NCPI সাংসদদের বৈঠকেও দেব উপস্থিত ছিলেন না। তখন দলীয় সূত্রে তাঁর পূর্বনির্ধারিত শুটিংয়ের কথা জানানো হয়েছিল। ফলে এবারও শুটিং বা অন্য কোনও পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি বৈঠকে থাকতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।
মুর্শিদাবাদের তিন সাংসদকে ঘিরে কাটল ধোঁয়াশা
অন্যদিকে, NDA বৈঠকে অনুপস্থিত থেকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আলোচনায় এসেছিলেন মুর্শিদাবাদ জেলার তিন সাংসদ। তাঁদের প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে যোগ দেওয়া নিয়ে আগে থেকেই জল্পনা ছিল।শেষ পর্যন্ত ধোঁয়াশা কাটিয়ে ওই তিন সাংসদও আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন। এর আগে বৃহস্পতিবার তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছিলেন।
এই পরিস্থিতিতে NCPI সাংসদদের উদ্দেশে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর বক্তব্য, “বিদ্রোহীরা ঠিক করুক, তারা কোন পথে যাবে। দু-নৌকায় পা দিয়ে চলা যাবে না।” সব মিলিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে NCPI সাংসদদের ধারাবাহিক বৈঠক এবং বিভিন্ন সাংসদের উপস্থিতি-অনুপস্থিতি ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা তৈরি হয়েছে। তবে এই বৈঠকগুলির রাজনৈতিক প্রভাব কতটা পড়ে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


