Aaj India Desk, নয়াদিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে (NEET Paper Leak) দিল্লির যন্তর মন্তরে হওয়া প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে নতুন করে আইনি বিতর্ক তৈরি হয়েছে। ২০ জুলাই আয়োজিত ওই বিক্ষোভের আয়োজকদের বিরুদ্ধে পকসো (POCSO) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় জিরো এফআইআর দায়েরের আবেদন জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অভিযোগে দাবি করা হয়েছে, ওই কর্মসূচিতে ১২ বছরের এক নাবালিকাকে সামনে এনে বিতর্কিত পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে রাষ্ট্রবিরোধী পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই আইনজীবী মহল ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
অভিযোগকারী আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং প্রশ্ন তুলেছেন, এত সংবেদনশীল রাজনৈতিক আন্দোলনের মধ্যে ১২ বছরের একটি শিশুকে কেন এবং কী উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। তাঁর বক্তব্য, আইন অনুযায়ী এই বয়সের শিশুরা বিশেষ সুরক্ষার আওতায় থাকে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, আন্দোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ইনস্টাগ্রামে একটি লাইভে জানান, তরুণদের মন্তব্যকে তিনি ক্ষমা করে দিয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু এরপর আন্দোলনের আয়োজকদের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়, পুলিশ ১২ বছরের এক নাবালিকার উপর লাঠিচার্জ করেছে এবং তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছে।
আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক সুবিধা আদায় এবং পুলিশ-প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই ওই নাবালিকাকে ব্যবহার করা হয়েছে। সেই কারণেই পকসো আইনের ১৩, ১৪ ও ১৫ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ১৫৩ ধারায় জিরো এফআইআর দায়েরের আবেদন করা হয়েছে। এতেই শেষ নয়, আন্দোলনের জন্য বিপুল অর্থ কোথা থেকে এসেছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রিঙ্কি চট্টোপাধ্যায়ের দাবি, এত বড় কর্মসূচির অর্থের উৎস এবং কারা এর নেপথ্যে রয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অস্থির করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতে একটি বৃহত্তর ‘ডিপ স্টেট’ ষড়যন্ত্র কাজ করছে। তাই গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে, অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


