নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস আন্দোলনের (CJP Protest) অভিঘাত যে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গভীর প্রভাব ফেলেছে, তার ফের ইঙ্গিত মিলল সংঘ প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) বক্তব্যে। আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। এরপরই নবপ্রজন্মের মনোভাব বুঝতে সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত।
দিল্লিতে এক অনুষ্ঠানে ভাগবত (Mohan Bhagwat) বলেন, “পড়ুয়াদের সঙ্গে আদেশ নয়, আলোচনা হওয়া উচিত। আজকের প্রজন্ম বিনা প্রশ্নে কিছু মেনে নেবে না। তাই তাদের সঙ্গে যুক্তিপূর্ণ ও আন্তরিক কথোপকথনই একমাত্র পথ।” তিনি (Mohan Bhagwat) আরও বলেন, তাঁর প্রজন্ম বাধ্য ছিল, কিন্তু বর্তমান প্রজন্ম প্রশ্ন করে, উত্তর চায়। সেই প্রশ্নের ধৈর্য সহকারে জবাব দেওয়াই প্রয়োজন।
এই বক্তব্যের পরই আরএসএস জানায়, আগামী ৬ আগস্ট মুম্বইয়ে প্রায় দু’হাজার ছাত্রছাত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা তরুণদের বক্তব্য শুনে তাঁদের সমস্যা, প্রত্যাশা ও ক্ষোভ বোঝার চেষ্টা করা হবে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ভবিষ্যতের কর্মপরিকল্পনা তৈরি করবে সংঘ।
রাজনৈতিক মহলের একাংশের মতে, নিট আন্দোলন দেখিয়ে দিয়েছে যে নতুন প্রজন্মের অসন্তোষকে শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপে থামানো সম্ভব নয়। বিজেপির অন্দরেও এই উপলব্ধি তৈরি হয়েছে যে, দীর্ঘদিনের শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনা নিয়ে জমে থাকা ক্ষোভ (CJP Protest) সহজে দূর হবে না। তাই তরুণদের সঙ্গে সরাসরি সংলাপের পথেই এগোতে চাইছে সংঘ পরিবার।
তবে এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্কও। একাংশের মতে, এটি তরুণদের সঙ্গে গঠনমূলক সংলাপের চেষ্টা, অন্যদিকে বিরোধীদের দাবি, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের (CJP Protest) অভিঘাত সামাল দিতেই এই নতুন কৌশল নেওয়া হয়েছে। ৬ আগস্টের বৈঠকে মোহন ভাগবতের (Mohan Bhagwat) বক্তব্য এবং ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়ার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


