Aaj India Desk, কলকাতা: আজ, (মঙ্গলবার) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (IMD)। সকালটা তুলনামূলক স্বাভাবিক থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে ভারী বৃষ্টি নামতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
কলকাতার আবহাওয়া
সোমবারের মতো মঙ্গলবারও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Forecast) বলছে, দিনের দিকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। অফিসযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতে এর প্রভাব পড়তে পারে। বৃষ্টির পাশাপাশি শহরে দমকা হাওয়াও বইতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টি নয়, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া দপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।এছাড়াও, কালিম্পং ও কোচবিহারের বিভিন্ন এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে আগামী ২৪ ঘণ্টা রাজ্যের প্রায় সর্বত্রই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


