Aaj India Desk, কলকাতা: দেশের চিকিৎসা শিক্ষার পরীক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্কের আবহে ফের সামনে এল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। এবার ওড়িশার স্নাতকোত্তর (PG) মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, পরীক্ষা চলাকালীনই জেনারেল সার্জারি বিষয়ের প্রশ্নপত্রের ছবি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে অভিষেক দাবি করেন, বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসা এখন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার ওপর গভীর সংকটের ইঙ্গিত। তাঁর অভিযোগ, পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস এবং তদন্তের পুনরাবৃত্তি লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। দীর্ঘদিনের পরিশ্রমের পরও পরীক্ষার্থীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন তোলেন, পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে কীভাবে তরুণ প্রজন্মের উন্নত ভবিষ্যতের দাবি করা যায়।
এদিকে, ওড়িশার PG মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ঘিরে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ভাইরাল হওয়া প্রশ্নপত্রের ছবিগুলি পরীক্ষাকেন্দ্রের ভেতর থেকেই মোবাইল ফোন বা অন্য কোনও নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তোলা হতে পারে। ফলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এমন ডিভাইস পরীক্ষাকক্ষে প্রবেশ করল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।
অভিযোগ আরও, ভুবনেশ্বরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্রের কাছে প্রথমে ওই প্রশ্নপত্রের ছবি পৌঁছয়। শুধু তাই নয়, পরীক্ষা চলাকালীন নির্দিষ্ট কয়েকটি নম্বর থেকে প্রশ্নের সম্ভাব্য উত্তরও কিছু পরীক্ষার্থীর কাছে পাঠানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন। প্রশাসন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।


