27.5 C
Kolkata
Thursday, July 30, 2026
spot_img

‘ভয় দেখিয়ে ট্রান্সফার’! সুবিচারের আশায় শুভেন্দুর জনতার দরবারে নার্স মহুয়া

Aaj India Desk,কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)-র ‘জনতার দরবার’ কর্মসূচির অষ্টম দিনেও দেখা গেল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ, প্রশাসনিক জটিলতা ও ব্যক্তিগত সমস্যার সমাধানের আশায় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছন। বদলি সংক্রান্ত অভিযোগ থেকে চিকিৎসার আবেদন, বিচার না পাওয়ার আক্ষেপ কিংবা চাকরি স্থায়ীকরণের দাবি এদিনের জনতার দরবারে উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

সবচেয়ে বেশি নজর কেড়েছে পেশায় নার্স মহুয়া মাইতির অভিযোগ। তাঁর দাবি, পূর্বতন সরকারের আমলে বদলির ক্ষেত্রে স্বজনপোষণ করা হয়েছে। বহুবার আবেদন জানিয়েও কাঙ্ক্ষিত বদলি মেলেনি। বরং ভয় দেখিয়ে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তাঁর। সরকার পরিবর্তনের পর সমস্যার সমাধান হবে এই আশাতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তিনি।

চিকিৎসা সংক্রান্ত সমস্যাও উঠে আসে এদিন। সুন্দরবন থেকে আসা আরতি গুপ্তা জানান, তাঁর মেয়ে মনীষা গুপ্তার ২০২৩ সালে হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ে। এরপর এসএসকেএম-সহ একাধিক হাসপাতালে চিকিৎসার চেষ্টা করলেও স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি পরিবারের। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানাতেই তাঁরা জনতার দরবারে উপস্থিত হন।

ন্যায়বিচারের দাবিতে কৃষ্ণনগর থেকেও এক পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরিবারের অভিযোগ, ২০২৪ সালের অক্টোবরে অ্যাসিড হামলায় তাঁদের মেয়ের মৃত্যু হলেও এখনও পর্যন্ত প্রকৃত বিচার মেলেনি। অভিযোগ, তদন্তের সময় বয়ান পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছিল এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোরও চেষ্টা করা হয়। সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার চেয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান।

এদিন জনতার দরবারে হাজির হন রাজ্যের বিভিন্ন জেলার পঞ্চায়েত দফতরের কর্মীরাও। তাঁদের দাবি, দীর্ঘদিন কাজ করলেও পূর্বতন সরকারের আমলে স্থায়ীকরণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকারের কাছে চাকরি স্থায়ীকরণের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

অষ্টম দিনের জনতার দরবারেও একের পর এক অভিযোগ, দাবি ও সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সূত্রের খবর, সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন