Aaj India Desk, কলকাতা: রাজ্যে সরকার বদলের পর থেকেই তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আরও ৮টি নতুন এফআইআর (FIR) নথিভুক্ত হয়েছে। এই সব মামলায় একসঙ্গে সুরক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হন তিনি। সেই আবেদনের শুনানিতে বৃহস্পতিবার অভিষেকের জন্য বড় স্বস্তির নির্দেশ দেয় আদালত।
বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলিতে আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। এর আগে এই মামলার শুনানিতে অভিষেকের পক্ষ থেকে সব এফআইআরের ক্ষেত্রে একযোগে রক্ষাকবচ চাওয়া হয়েছিল। তবে আদালত জানিয়ে দেয়, আলাদা আলাদা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া সব মামলা একসঙ্গে বিবেচনা করে সার্বিক সুরক্ষা দেওয়া সম্ভব নয়। তাই সেই আবেদন মৌখিকভাবে খারিজ করা হয়।
অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। তাঁর দাবি, ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর-সহ একাধিক থানায় রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তিনি আরও বলেন, অতীতে একই ধরনের পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আদালত রক্ষাকবচ দিয়েছিল। এমনকি আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে নতুন মামলা দায়েরেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল।
এর জবাবে রাজ্য সরকারের আইনজীবী জানান, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আদালতের সেই নির্দেশ ছিল শুধুমাত্র অন্তর্বর্তী ব্যবস্থা, সেটিকে স্থায়ী নজির হিসেবে ধরা যায় না। শুনানির সময় কপিল সিবাল শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গ তুলতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, “শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনও চূড়ান্ত নির্দেশ দেবে না।”
যদিও সব মামলায় একসঙ্গে রক্ষাকবচ মেলেনি, তবুও ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানার মামলাগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কোনও কড়া আইনি পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়ে তাঁকে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট।


