কলকাতা: নিট আন্দোলনে (NEET Protest Kolkata) আটককৃতদের মধ্যে যাঁদের কোনও ক্রিমিনাল রেকর্ড নেই তাঁদের মুক্তি দিতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। তবে ২৫ জুলাই ধর্মতলায় বাম-সিজেপি মিছিলে সাংবাদিকদের নিগ্রহের অভিযোগ সামনে আসে। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
এবার নিট আন্দোলনে (NEET Protest Kolkata) সাংবাদিক নিগ্রহের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ঘটনায় আহত এক সাংবাদিকের দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। আদালতের নির্দেশ, হামলার ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে এবং তদন্ত কতদূর এগিয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী ২৫ অগাস্টের মধ্যে জমা দিতে হবে।
শুধু তদন্তের অগ্রগতি নয়, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই বিষয়েও আদালতে আবেদন জানান ওই সাংবাদিক। তাঁর দাবি, সভা বা মিছিলের সময় ভিড় নিয়ন্ত্রণ এবং সমাজবিরোধীদের অনুপ্রবেশ রুখতে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা জরুরি।
এই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের অবস্থান জানতে মুখ্যসচিবের কাছেও মতামত চেয়েছে হাইকোর্ট। আদালত জানতে চেয়েছে, ভবিষ্যতে বড় জমায়েত বা রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য কী ধরনের নীতি গ্রহণ করতে চায়। আবেদনকারীর বক্তব্য, তিনি ছাত্র আন্দোলন বা গণতান্ত্রিক প্রতিবাদের বিরোধী নন।
তবে আন্দোলনের (NEET Protest Kolkata) সুযোগ নিয়ে যাতে সমাজবিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য স্পষ্ট নির্দেশিকা থাকা প্রয়োজন। একইসঙ্গে কোনও সভা বা মিছিলে অপরাধমূলক ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা কর্মসূচির আয়োজকদেরও বহন করা উচিত বলে তিনি আদালতে দাবি করেছেন।
উল্লেখ্য, NEET ইস্যুতে ছাত্রদের বিক্ষোভ মিছিল (NEET Protest Kolkata) চলাকালীন ধর্মতলায় উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময় কয়েকজন সাংবাদিকের উপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরেই বিষয়টি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং এবার রাজ্য সরকারের কাছে বিস্তারিত জবাব চেয়ে নির্দেশ দিল আদালত।


