Aaj lndia Desk ,নয়াদিল্লি:দেশে কি ফের নোট নিয়ে বড় পরিবর্তন আসতে চলেছে? কাগজের নোটের পরিবর্তে এবার কি বাজারে দেখা যাবে প্লাস্টিকের নোট? সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর দেওয়া তথ্যের পর এই প্রশ্নই উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, পরীক্ষামূলক প্রকল্পের জন্য ১০ টাকা ও ২০ টাকার ১০০ কোটি করে পলিমার বা প্লাস্টিক নোট ছাপার অনুমতি ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (RBI) দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে দেশে প্লাস্টিকের নোট চালুর সম্ভাবনা আরও জোরালো হল বলে মনে করা হচ্ছে।
প্রথম ধাপে এই নতুন নোটের ফিল্ড ট্রায়াল বা বাস্তব পরিস্থিতিতে পরীক্ষামূলক ব্যবহার করা হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী সময়ে ১০ ও ২০ টাকার পলিমার নোট সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে আনা হতে পারে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে RBI-এর অধীনস্থ নোট মুদ্রণ সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) বিশেষ ধরনের পলিমার সাবস্ট্রেট শিট সরবরাহের জন্য ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ বা EOI জারি করেছে। এই বিশেষ উপাদান ব্যবহার করেই প্লাস্টিকের নোট তৈরি করা হবে।
লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, RBI Act, 1934-এর ২৫ নম্বর ধারার অধীনে কেন্দ্রীয় বোর্ডের সুপারিশ অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিল। প্রাথমিক পর্যায়ে ১০ ও ২০ টাকার পলিমার নোট চালুর পরিকল্পনায় কেন্দ্রীয় সরকার সম্মতি জানিয়েছে।
প্লাস্টিক নোট ব্যবহারের পিছনে রয়েছে একাধিক সুবিধা। সাধারণ কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি টেকসই এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। জল বা বৃষ্টিতে ভিজলেও সহজে নষ্ট হয় না। বারবার ভাঁজ করা বা দীর্ঘদিন ব্যবহারের ফলে ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও তুলনামূলকভাবে কম। পাশাপাশি এই নোটে ময়লা জমার সম্ভাবনা কম এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে নকল করাও কঠিন বলে মনে করা হয়।
ভারতে প্লাস্টিক নোট চালুর উদ্যোগ অবশ্য নতুন নয়। ২০১২ সালেও এই ধরনের নোট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সেই সময় প্রয়োজনীয় প্রযুক্তি ও পরিকাঠামোর সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।
বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে পলিমার নোট ব্যবহার করা হচ্ছে। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়া প্রথম ১০ অস্ট্রেলিয়ান ডলারের পলিমার নোট চালু করে। পরে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড-সহ একাধিক দেশ এই প্রযুক্তি গ্রহণ করে। এবার ভারতেও পরীক্ষামূলকভাবে ১০ ও ২০ টাকার প্লাস্টিক নোট ছাপার অনুমতি মেলায় নতুন নোট নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।


