28.7 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

করোনা টেস্টেও ছিল দূর্নীতি! অভিষেক-সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার!

Aaj India Desk, কলকাতা : ডায়মন্ড হারবারের তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কোভিড-১৯ মহামারির সময়ে করোনা পরীক্ষা সংক্রান্ত অনিয়ম, প্রতারণা এবং সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৎকালীন জেলাশাসক, পুলিশ সুপার এবং একাধিক প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে তদন্ত ও এফআইআর দায়েরের আবেদন জানানো হয়েছে।

সোমবার বিষ্ণুপুর থানায় জমা দেওয়া অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় কোভিড মেগা টেস্ট ড্রাইভ এবং ‘ডক্টরস অন হুইলস’ কর্মসূচির নামে একাধিক অনিয়ম হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত নন এমন আশাকর্মীদের দিয়ে কোভিড পরীক্ষা করানো হয়, যা আইসিএমআর-এর নির্দেশিকা লঙ্ঘন করেছে বলে অভিযোগকারীর দাবি। করোনা পরীক্ষার রিপোর্টে অনিয়মের ফলে প্রকৃত পজিটিভ রোগীদের নেগেটিভ দেখানো হয়েছিল এবং এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার পাশাপাশি রোগীদের জীবনও ঝুঁকির মুখে পড়েছিল বলে অভিযোগ করেন তিনি।

অভিজিৎ দাসের দাবি, ২০২২ সালের ১২ জানুয়ারি একদিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা হওয়ার যে তথ্য প্রকাশ করা হয়েছিল, তা ভুয়ো। তাঁর অভিযোগ, ওই পরীক্ষার জন্য ব্যবহৃত বিপুল সংখ্যক কিট কোথা থেকে এল, তার অর্থায়ন কীভাবে হল এবং সরকারি অনুমোদন কীভাবে মিলল, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তিনি বলেন, এই পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা উচিত।

লিখিত অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, তৎকালীন জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার, বিভিন্ন প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিক, রাজনৈতিক প্রতিনিধিসহ মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি। অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করারও আবেদন জানানো হয়েছে। এবার পুলিশ অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন