Aaj India Desk, কলকাতা: কলকাতায় ছাত্র আন্দোলনের নামে তৈরি হওয়া অশান্তি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আন্দোলনের সময় সাংবাদিক (Journalist Attack) ও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতারির ঘটনাকে সমর্থন করার পাশাপাশি তৃণমূল নেতা (TMC Leader) কুণাল ঘোষ (Kunal Ghosh)-কেও তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
ছাত্র আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বিধানসভায় জানিয়েছেন, যারা আন্দোলনের নামে আইন ভেঙেছে বা গুন্ডামি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেদিন এই আন্দোলন হয়েছিল, সেদিন সাধারণ মানুষ এবং সাংবাদিকদের উপর হামলার মতো ঘটনা ঘটেছে। তাই যাঁরা দোষী, তাঁদের গ্রেফতার করা হচ্ছে। আগামী দিনেও এই অভিযান চলবে। পশ্চিমবঙ্গে কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।”
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “সরকার পরিস্থিতি বুঝে যেটা প্রয়োজন মনে করেছে, সেটাই করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেছেন এই সময় পদত্যাগ প্রয়োজন, তাই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরু থেকেই সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেছে এবং ছাত্রদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করেছে।”
ছাত্র আন্দোলন নিয়ে আরও কড়া সুরে তিনি বলেন, “এটাকে আমি প্রকৃত আন্দোলন বলব না, বরং এটা ছিল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। দেশের মানুষ এখন বুঝে গিয়েছেন কারা এই ধরনের ঘটনার পিছনে রয়েছে এবং কারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। সেই কারণেই সরকার অযথা কঠোর পদক্ষেপ না নিয়ে সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।”
তৃণমূল নেতা কুণাল ঘোষের গ্রেফতারির প্রসঙ্গেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কুণাল ঘোষ সবসময় নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতে চান। বিধানসভার ভিতরে হোক বা বাইরে, বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনামে থাকার চেষ্টা করেন। এভাবে রাজনীতি করে সাধারণ মানুষের কোনও উপকার হয় না। পুলিশ নিয়ম মেনেই সবার সঙ্গে কথা বলে অনুমতি দিচ্ছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করে মানুষের দুর্ভোগ বাড়ানো কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”


