Aaj India Desk,কলকাতা: একুশে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ কোথায় হবে, তা নিয়ে কালীঘাট তৃণমূল ও কলকাতা পুলিশের মধ্যে বিতর্ক আরও বেড়েছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে একটি ই-মেল।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডেরেক ও’ব্রায়েন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার -কে ই-মেল করে দাবি করেছেন, বৈঠকে যা আলোচনা হয়েছিল, পুলিশের পাঠানো ই-মেলে তার সঠিক প্রতিফলন নেই। তাঁর অভিযোগ, বৈঠক শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশের পক্ষ থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার পরামর্শ দেওয়া হয়।
ডেরেকের দাবি, তখনই তৃণমূল প্রতিনিধিরা জানিয়ে দেন যে ২১ জুলাইয়ের শহিদ দিবস শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ দিনের ইতিহাস, আবেগ এবং রাজনৈতিক গুরুত্ব। গত তিন দশকেরও বেশি সময় ধরে এই কর্মসূচি বাংলার রাজনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে বলেও বৈঠকে তুলে ধরা হয়।
তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ২১ জুলাইয়ের শহিদ দিবসের গভীর সম্পর্ক রয়েছে। আন্দোলনের ইতিহাস এবং এই কর্মসূচির গুরুত্বও পুলিশের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল।
ই-মেলে ডেরেক ও’ব্রায়েন আরও অভিযোগ করেন, বিকল্প হিসেবে হাজরা মোড় বা রামলীলা ময়দানের মতো জায়গার কথা বলা হয়েছিল। তৃণমূলের মতে, এই ধরনের জায়গা ছোট বা স্থানীয় কর্মসূচির জন্য উপযুক্ত হলেও ২১ জুলাইয়ের মতো ঐতিহ্যবাহী ও বড় সমাবেশের জন্য তা যথেষ্ট নয়।
তবে সমস্ত বিতর্কের মধ্যেও তৃণমূলের পক্ষ থেকে আগের প্রস্তাবিত জায়গাগুলির মধ্যে কোনও একটিতে সমাবেশ করার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। এখন এই বিষয়ে কলকাতা পুলিশের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।


