20 C
Kolkata
Saturday, February 14, 2026
spot_img

আনন্দপুর-অগ্নিকান্ডে আজ শুভেন্দুর মিছিল: অফিস টাইমে যানজটের আশঙ্কা?

কলকাতা: বৃহস্পতিবার ‘বাধার’ পর আজ অর্থাৎ শুক্রবার নাজিরাবাদ অগ্নিকান্ডের (Anandapur Fire) ঘটনার প্রতিবাদে আজ ফের পথে নামছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তবে মিছিলের জন্য আমজনতার যেন কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনোরকম উস্কানিমূলক বক্তব্য, রাস্তা অবরোধ বা বিশৃঙ্খলা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে সপ্তাহের কাজের দিনে ব্যস্ত সময়ে মিছিলের জন্য নিত্যযাত্রীদের সমস্যার মুখে পড়তে হতেও পারে বলে ধারণা করা হচ্ছে।

এমনিতেই নাজেহাল নিত্যযাত্রীরা

বলা বাহুল্য, ব্যস্ত সময়ে গড়িয়া শীতলা মন্দির এলাকায় এমনিতেই নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। বোড়ালের দিক থেকে এসে রাস্তা পেরিয়ে মেট্রোস্টেশন পর্যন্ত পৌঁছতেই হিমশিম খেতে হয়। সেইসঙ্গে গড়িয়া মোড় থেকে শীতলা মন্দির পর্যন্ত আসার রাস্তার পাশে রয়েছে সারি সারি দোকান। যেগুলোর অধিকাংশই প্রায় ফুটপাথের উপর উঠে এসেছে। মেট্রো স্টেশনের কাছে ফুটপাথের দশা আরও করুন!

মানুষের হাঁটাচলা করার ফুটপাথের ওপরেই চলে মাংস থেকে শুরু করে শাক-সব্জির বিকিকিনি। এর সঙ্গে অটো, বাস, সাইকেল, স্কুটির বেপরোয়াভাবে যাতায়াত তো লেগেই আছে। পথচলতি মানুষ এমনিতেই সকালের ব্যস্ত সময়ে হিমশিম খান। অন্যদিকে, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন লাগোয়া ঢালাই ব্রিজের কাছেও অফিস টাইমে দীর্ঘক্ষণ সিগন্যালে অপেক্ষা করতে হয় নিত্যযাত্রীদের।

উল্লেখ্য, কবি সুভাষ স্টেশন সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের উপর যাত্রীচাপ ব্যাপক বেড়ে গিয়েছে। যার জেরে গড়িয়া স্টেশন থেকে ঢালাই ব্রিজ পেরিয়ে শহীদ ক্ষুদিরাম স্টেশনে পৌঁছোতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তার উপরে ওই রুটেই আজ আবার বিজেপির মিছিল। যার জেরে অনেকেই আজ হাতে বেশি সময় নিয়ে অনেক আগেই গন্তব্যের জন্য রওনা হচ্ছেন।

আনন্দপুরে ‘এন্ট্রি’ না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু

প্রসঙ্গত, বৃহস্পতিবার আনন্দপুর অগ্নিকান্ড (Anandapur Fire) স্থল পরিদর্শনে গিয়ে বাধার সম্মুখীন হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকান্ডের ঘটনাস্থলে ১৬৩ ধারা জারি থাকায় পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ছিল সেখানে। এরই মধ্যে দুপুরে নাজিরাবাদে পৌঁছে যান শুভেন্দু। তিনি বলেন, “আমি আইন মেনে চলি। ১০০ মিটার দূর থেকেই দেখব”।

এরপর হাইকোর্টের অনুমতি সাপেক্ষে শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৩ টে পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। গড়িয়া শীতলা মন্দির থেকে কামালগাজি মোড় পর্যন্ত সর্বাধিক ২০০০ জনকে নিয়ে মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন