Aaj India Desk, কলকাতা : বাড়িতে হামলার তদন্ত এখনও চলছে, তার মধ্যেই নতুন রাজনৈতিক বিতর্কে জড়ালেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তাঁর বাড়িতে হামলার নেপথ্যে ‘হিন্দুত্ববাদী গুন্ডা’দের হাত রয়েছে বলে সমাজমাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি। সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিকাশরঞ্জনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কেন ক্ষুব্ধ শুভেন্দু?
বিকাশরঞ্জনের (Bikash Ranjan Bhattacharya) মন্তব্য নিয়ে সরব হয়ে শুভেন্দু অধিকারী বলেন, হামলার ঘটনার যথাযথ তদন্ত হবে। তাঁর নির্দেশেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন তিনি। তবে তদন্তের আগেই কীভাবে বিকাশরঞ্জন হামলার জন্য হিন্দুত্ববাদীদের দায়ী করলেন, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, “উনি কীভাবে সোশাল মিডিয়ায় লিখলেন হিন্দুত্ববাদীরা হামলা করেছে? গোটা হিন্দু সমাজের অপমান করেছেন। তাই তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমি ছাড়ার পাত্র নই।” তিনি আরও বলেন, গেরুয়া, সনাতন, হিন্দুত্ব ও রাষ্ট্রবাদী পরিচয়ের বিরুদ্ধে আঙুল তুললে তার জবাব দেওয়া হবে। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
কী ঘটেছিল বিকাশরঞ্জনের বাড়িতে?
ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বাড়িতে বৃহস্পতিবার, ৮ অক্টোবর ভোরে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, মুখ ঢাকা এক বাইক আরোহী বাড়ির সামনে এসে পলিথিনের ব্যাগ থেকে একের পর এক কাচের বোতল ছুড়ে জানালার কাচ ভেঙে দেয়। বাইকের নম্বর প্লেটও ঢাকা ছিল বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়ে। হামলাকারী হুমকি ও গালিগালাজও করে। ঘটনায় কেউ আহত না হলেও বাড়ির জানালার কাচ ভাঙে। বিকাশরঞ্জনের দাবি, এটি পরিকল্পিত হামলা।
গ্রেপ্তার এক অভিযুক্ত, তদন্তে পুলিশ
ঘটনার পর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন বিকাশরঞ্জন। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে শুক্রবার ভোরে বাপ্পা গুছাইত নামে ২৯ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি গড়িয়ার বোয়ালিয়া এলাকার সাহা কালীবাড়ি অঞ্চলে। তবে হামলার প্রকৃত কারণ কী, এর পিছনে আর কেউ জড়িত কি না এবং অভিযুক্তের উদ্দেশ্য কী ছিল, তা তদন্তসাপেক্ষ।
তবে তার মধ্যেই যাঁর বাড়িতে হামলার অভিযোগ, শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর শুভেন্দু অধিকারীর এই অবস্থান ঘিরেই উঠছে প্রশ্ন। হামলার নেপথ্যে কারা, তা তদন্তে প্রমাণিত হওয়ার আগেই বিকাশরঞ্জনের মন্তব্য নিয়ে পাল্টা বিতর্ক শুরু করার পর ক্ষোভে ফুঁসে উঠেছে বাম শিবির। তদন্তের নিরপেক্ষতা ও আইনের সমান প্রয়োগই শেষ পর্যন্ত নির্ধারণ করবে, এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।


