Aaj India Desk, কলকাতা : আদালতের নির্দেশে পথ খুলেছিল আগেই। কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই কলকাতার রাজপথে তৈরি হল নতুন বিতর্ক। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তুলল কালীঘাটের তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ (Kunal Ghosh)। সেই অভিযোগ ঘিরেই বুধবার দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে কালীঘাট-হাজরা চত্বরে তীব্র উত্তেজনা ছড়াল।
বুধবার সমাজ মাধ্যমে তৃণমূল নেতা ও বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ (Kunal Ghosh) অভিযোগ করেন, তৃনমূলের মিছিলের নির্ধারিত রুটে বিজেপির মাইক বাজানো হচ্ছে। সেই রুটে হেলমেটহীন বাইকবাহিনীর জমায়েত এবং প্ররোচনামূলক অবস্থান তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি সেই মিছিলের রুটে ‘মাছ চোর’ গান বাজানো হচ্ছে এবং ‘চোর চোর’ স্লোগান তোলা হচ্ছে। তাঁর দাবি, যেখানে তৃনমূলের মিছিলেই মাইক ব্যবহারে বাধা দেওয়া হয়েছে, সেখানে অন্য দল এভাবে মাইকে গান বাজায় কিভাবে?
পাশাপাশি কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বের বাসভবনের সামনেও অসভ্য আচরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কুনাল ঘোষ (Kunal Ghosh)। পুলিশ পরিস্থিতির মোকাবিলায় কার্যকর ভূমিকা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। কুনাল ঘোষ প্রশ্ন তোলেন, “আদালতের অনুমতি নিয়েও যদি মিছিল করতে না দেওয়া হয়, তাহলে আইনের শাসনের অর্থ কী?”
এর আগে কলকাতা হাইকোর্ট তৃণমূল ছাত্র-যুব সংগঠনের মিছিলের অনুমতি দেয় নির্দিষ্ট কয়েকটি শর্তে। আদালতের নির্দেশ অনুযায়ী, দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে নির্ধারিত রুটে মিছিল করা যাবে। অংশগ্রহণকারীর সংখ্যা সর্বোচ্চ এক হাজারের মধ্যে রাখতে হবে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তার একটি অংশ খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়লেও, আদালতের নির্দেশ কার্যকরভাবে বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব প্রশাসনের ওপরই বর্তায়। ফলে আদালতের অনুমোদিত কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হয় কি না, এবং অভিযোগগুলির বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।


