Aaj India Desk, কলকাতা: ৮ জুলাই কলকাতায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের (Kalighat Trinomul) মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। তবে এই অনুমতির সঙ্গে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে আদালত, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয় এবং শহরের যান চলাচল স্বাভাবিক থাকে।
আদালতের নির্দেশ অনুযায়ী, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে শেষ করতে হবে। দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে পুরো কর্মসূচি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, মিছিলে সর্বোচ্চ এক হাজার মানুষ অংশ নিতে পারবেন। রাস্তার একটি লেন সবসময় যান চলাচলের জন্য খোলা রাখতে হবে, যাতে জরুরি পরিষেবা বা সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা না হয়।
তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন পর্যন্ত এই রুটে কোনও হাসপাতাল নেই। তাই এই পথে মিছিল হলে জরুরি পরিষেবায় বাধা পড়ার আশঙ্কা খুবই কম। পাশাপাশি, সাধারণ মানুষেরও বিশেষ অসুবিধা হবে না বলেই তাঁর দাবি।
অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, কলকাতা পুলিশের নতুন নিয়ম অনুযায়ী কোনও মিছিল বা জমায়েতের জন্য অন্তত ১৫ দিন আগে আবেদন করতে হয়। তাঁর বক্তব্য, রাজনৈতিক কর্মসূচির চেয়ে সাধারণ মানুষের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তিনি আরও জানান, যে রাস্তা দিয়ে মিছিলের প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি তুলনামূলকভাবে সরু এবং সেখানে প্রায়ই যানজট হয়। পাশাপাশি ওই এলাকায় হাসপাতাল ও কলেজ থাকায় মিছিলের কারণে যান চলাচল এবং জরুরি পরিষেবায় সমস্যা তৈরি হতে পারে।
উল্লেখ্য, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে সোমবার কালীঘাটে প্রতিবাদ মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের বাড়ির সামনে থেকে মোমবাতি হাতে সেই মিছিল শুরু হলেও গলির মুখে কেন্দ্রীয় বাহিনী তা আটকে দেয়। এরপর বুধবার একই এলাকায় মিছিল করার অনুমতি না পাওয়ার অভিযোগ তুলে কালীঘাট তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানিতেই শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল আদালত।


