Aaj lndia Desk,কলকাতা: বায়ুদূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। এবার থেকে শুধু পলিউশন সার্টিফিকেট দেখিয়ে আর পার পাওয়া যাবে না। রাস্তায় দাঁড়িয়েই পেট্রল, সিএনজি ও ডিজেলচালিত গাড়ি, মোটরবাইক এবং অটোর অন স্পট পলিউশন টেস্ট করা হবে। এই উদ্দেশ্যে ট্র্যাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৩২টি অত্যাধুনিক দূষণ পরীক্ষার যন্ত্র।
বর্তমানে নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গাড়ির জন্য পলিউশন আন্ডার কন্ট্রোল (PUC) সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। কিন্তু অনেক গাড়ির মালিক সেই পরীক্ষা করান না বা জাল সার্টিফিকেট ব্যবহার করেন বলে অভিযোগ। এতদিন পেট্রল ও সিএনজিচালিত গাড়ির ক্ষেত্রে মূলত নথি যাচাইয়ের উপরই নির্ভর করতে হতো। ফলে বহু দূষণকারী গাড়ি ধরা পড়ত না।
নতুন যন্ত্রের মাধ্যমে এবার রাস্তাতেই গাড়ির নির্গত ধোঁয়ার মাত্রা পরীক্ষা করা যাবে। পরীক্ষায় নির্ধারিত সীমার বেশি কার্বন এমিশন ধরা পড়লে গাড়ির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে জাল সার্টিফিকেট দেখিয়ে নিয়ম এড়ানোর সুযোগও অনেকটাই কমে যাবে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও সল্টলেকের পাঁচটি আরটিও মিলিয়ে বর্তমানে প্রায় ২৫ লক্ষ যানবাহনের রেজিস্ট্রেশন রয়েছে। গত কয়েক বছরে ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় ধরনের গাড়ির সংখ্যাই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বায়ুদূষণের আশঙ্কাও।
এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার লক্ষ্যেই আধুনিক প্রযুক্তির সাহায্যে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। আপাতত ৩২টি যন্ত্র দিয়ে অভিযান শুরু হলেও, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও যন্ত্র কেনা হতে পারে। কলকাতা ট্র্যাফিক পুলিশের আশা, এই উদ্যোগের ফলে দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি ভুয়ো পলিউশন সার্টিফিকেটের কারবারেও বড় ধাক্কা লাগবে।


