Aaj India Desk,জয়পুর: একবার পরীক্ষা বাতিল হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই আবারও কি নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা বাতিল হতে পারে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এর মধ্যেই ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ, ২১ জুন দেশজুড়ে পুনরায় আয়োজন করা হয়েছে নিট-ইউজি পরীক্ষার। গত মে মাসে হওয়া পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়ার পর লক্ষ লক্ষ পরীক্ষার্থী ফের ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষায় বসেছেন। ঠিক সেই সময়ই রাজস্থানের আজমের থেকে সামনে এসেছে নতুন বিতর্ক।
অভিযোগ, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে পরীক্ষার্থীদের নিটের প্রশ্নপত্র দেখানোর দাবি করছেন। এর বিনিময়ে তিনি ৩০ হাজার টাকা নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
ডিএভি কলেজের ছাত্র সংসদের সভাপতি কৃষ্ণ সিং ঠাকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, এক পরীক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি নিজেও ওই নম্বরে ফোন করেন। তখন তাঁকেও একটি প্রশ্নপত্র দেখানো হয় এবং ৩০ হাজার টাকা দাবি করা হয়।
অভিযোগকারী জানিয়েছেন, “পরীক্ষার আগে পড়ুয়াদের বিভ্রান্ত করা হচ্ছে। প্রশ্নপত্র দেওয়ার নামে টাকা নেওয়া হচ্ছে। আমাকেও একটি পেপার দেখানো হয়েছে। আমি পুরো ঘটনার রেকর্ডিং পুলিশের হাতে তুলে দিয়েছি।”
তাঁর দাবি, ইতিমধ্যেই বহু পরীক্ষার্থী এই ফাঁদে পা দিয়ে টাকা দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের মোবাইল নম্বর এবং কিউআর কোডে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি, অভিযুক্তের কাছে সত্যিই প্রশ্নপত্র ছিল নাকি এটি শুধুই প্রতারণার ফাঁদ।
এদিকে, এবার প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী নিট-ইউজি পরীক্ষায় অংশ নিয়েছেন। কোনওরকম অনিয়ম এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছে ভারতীয় বায়ুসেনা এবং উত্তরপত্র নিরাপদে বহনের দায়িত্ব সামলাচ্ছে প্যারামিলিটারি বাহিনী।


