Aaj India Desk, কলকাতা : দলের অন্দরে বিদ্রোহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাহাড়ের তলায় চাপা পড়ে এমনিতেই শেষ অবস্থা তৃনমূল কংগ্রেসের। এই অবস্থায় ফের বিরোধী দলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক তাপস রায় (Tapas Roy)। অভিষেককে নিয়ে আক্রমণ শুরু করে সায়নী, কীর্তি আজাদকেও ছাড়লেন না তিনি।
অভিষেককে জেলে দেখতে চান ?
শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র সমালোচনা করেন বিজেপি বিধায়ক তাপস রায় (Tapas Roy)। বিভিন্ন দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, “এখনও সে বাইরে কেনো? এটাই বাংলার মানুষের সবথেকে বড় প্রশ্ন। অভিষেকের জেল যাত্রার অপেক্ষায় রয়েছে গোটা বাংলা!”
পাশাপাশি গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিষেকের ‘ঔদ্ধত্য’ তিনি সহ্য করতে পারছেন না, তাই মমতা যদি অভিষেককে দলীয় পদে রাখেন তবে তিনি ইস্তফা দেবেন। তাঁর সেই মন্তব্য তুলে তাপস বলেন, “ব্লাড ইস থিকার দ্যান ওয়াটার। মমতা অভিষেককে ছেড়ে কল্যাণকে বাছবেন না নিশ্চয়ই। তবে আমি চাই তৃনমূল দলটাই উঠে যাক।” তবে এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের অবস্থান কি হবে, তা নিয়ে কৌতূহলও স্বীকার করেন তিনি।
সায়নী-আজাদকে নিয়েও তোপ
সম্প্রতি বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার খবর ফাঁস হতেই কলকাতা বিমানবন্দরে মাস্ক পরে ফিরতে দেখা যায় তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে। সেই প্রসঙ্গ তুলে তাপস রায় (Tapas Roy) বলেন, “ও মহাদেবকে নিয়ে যা বলেছে তা জঘন্য ও নক্কারজনক। এর কোনো ক্ষমা হয় না।”
অন্যদিকে কীর্তি আজাদকে নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, কীর্তি আজাদ বাংলার কিছু না জানায় তাঁর কথা তিনি ধর্তব্যের মধ্যে রাখেন না।
রাজনৈতিক বার্তা ও পাল্টা বার্তার আবহে তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি, দলীয় নেতৃত্বকে ঘিরে বিতর্ক এবং বিরোধীদের আক্রমণ সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই বিধানসভার বাইরে তাপস রায়ের আক্রমণাত্মক মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢালার কাজ করলো বলে মনে করছে রাজনৈতিক মহল।


