Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর : গড়বেতার সাঁকাশোল গ্রামে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে শ্লীলতাহানির (Molestation case) অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন দিয়েছে মহিলা সমিতি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কী অভিযোগ ?
পরিবারের অভিযোগ, অভিযুক্ত অসিত মাহাতো বাড়ি থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি (Molestation case) করে। ঘটনার পর গোয়ালতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগের পরও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি বলে দাবি পরিবারের। অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহিলা সমিতির নেতৃবৃন্দ নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। পরে গোয়ালতোড় থানায় ডেপুটেশনও দেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
মামলার বদলে টাকা দেওয়ার দাবি ?
নির্যাতিতার দাবি, অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। পরিবারের অভিযোগ, কয়েকজন বিজেপি নেতা ২ লক্ষ টাকার প্রস্তাব দিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষ বা বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাটি সামনে আসার পর সিপিআইএম নেতারাও নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তাঁদের অভিযোগ, ঘটনায় নাম জড়ানো ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের কারণে তদন্তে গাফিলতি করা হচ্ছে এবং প্রশাসনের উপর প্রভাব খাটানোর চেষ্টা চলছে।
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে নারী নিরাপত্তা, ধর্ষণ ও শ্লীলতাহানির (Molestation case) মতো অপরাধ রুখতে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু সরকার গঠনের পরও একের পর এক নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ সামনে আসায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের দাবি, শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়াই ছিল মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ করতে শাসকদল কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


