Aaj India Desk, কলকাতা : ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে ইস্তফার পর গত তিনদিনে নতুন মেয়র নির্ধারণ না করায় ভেঙে গেলো কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নির্বাচিত বোর্ড। সোমবার প্রকাশিত সরকারি নির্দেশিকায় জানানো হলো, কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে।
সরকারি নির্দেশে কী বলা হয়েছে?
নবান্নের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষর করা নির্দেশে উল্লেখ করা হয়েছে, কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) আইন, ১৯৮০-এর সংশ্লিষ্ট ধারার আওতায় পুর কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে। এর ফলে মেয়র, মেয়র-ইন-কাউন্সিল, চেয়ারম্যান এবং বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদের দায়িত্বও অবসান হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, পুরসভার সমস্ত প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব এখন থেকে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হবে।
মিউনিসিপ্যাল কমিশনারই প্রশাসক
নির্দেশে বলা হয়েছে, কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মিউনিসিপ্যাল কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন নির্বাচিত বোর্ড দায়িত্ব নেওয়া পর্যন্ত পুর প্রশাসন পরিচালনা করবেন।
সর্বোচ্চ ছয় মাসের সময়সীমা
সরকারি অর্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সময়সীমা নির্ধারণ। স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রশাসকের মেয়াদ ছয় মাসের বেশি হতে পারবে না।তবে এর মধ্যেই যদি নতুন পুরভোট সম্পন্ন হয় এবং নতুন কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেন, তাহলে প্রশাসকের দায়িত্ব তার আগেই শেষ হয়ে যাবে।
তবে প্রশাসক নিয়োগের সঙ্গে এই ছয় মাসের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ায় নতুন পুরভোটের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হয়নি, সরকারি নির্দেশে নতুন নির্বাচিত কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ উল্লেখ থাকায় ভোট আয়োজনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে মনে করা হচ্ছে।
গত শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মেয়র পদ থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন ফিরহাদ হাকিম। তার পরপরই পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। রাজ্যপালের অনুমতিক্রমে রাজ্য সরকার কলকাতা পুরসভাকে নোটিস পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে মতামত চেয়েছিল। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রশাসক নিয়োগের নির্দেশ জারি করা হল।


