Aaj India Desk,কলকাতা: পাঁচ বছর আগের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আইনি সমস্যায় জড়ালেন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। ২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন করা সেই পোস্ট নিয়েই গড়িয়াহাট থানায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আদালত জানিয়েছে, মামলার তদন্ত চলবে এবং তদন্তে পরমব্রতকে সহযোগিতা করতে হবে। তবে আপাতত স্বস্তিও পেয়েছেন অভিনেতা। আগামী চার সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে আদালত।
ঘটনার শুরু ২০২১ সালের ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন। সেদিন রাজ্যের রাজনৈতিক আবহ যখন উত্তপ্ত, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেখানে প্রতিক্রিয়াও জানান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি মজার সুরে লেখেন,”হাহাহা হোক হোক!”
তবে সময়ের সঙ্গে সেই পোস্টই নতুন বিতর্কের জন্ম দেয়। আইনজীবী জয়দীপ সেন-এর অভিযোগ, ভোট-পরবর্তী উত্তেজনার আবহে এই মন্তব্য রাজনৈতিক হিংসাকে পরোক্ষে উৎসাহ দিয়েছিল। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এর কিছুক্ষণের মধ্যেই বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনা সামনে আসায় সেই বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।
এই মামলাকে কেন্দ্র করেই শেষ পর্যন্ত পরমব্রত চট্টোপাধ্যায় পৌঁছে যান কলকাতা হাইকোর্ট-এ। তাঁর আবেদন ছিল, গড়িয়াহাট থানায় দায়ের হওয়া এফআইআর বাতিল করা হোক। তবে বৃহস্পতিবারের শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্ত এখনই থামছে না। তদন্তে সহযোগিতা করতে হবে অভিনেতাকে। যদিও আপাতত কিছুটা স্বস্তিও মিলেছে আগামী চার সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
পাঁচ বছর আগের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ফের চর্চায় উঠে এসেছে ২০২১ সালের ভোট-পরবর্তী উত্তপ্ত সময়। কয়েকটি শব্দের একটি পোস্ট, তারপর রাজনৈতিক বিতর্ক, আর তার বহু বছর পর আদালত পর্যন্ত গড়ানো মামলা সব মিলিয়ে ঘটনাটি এখন রাজনৈতিক ও বিনোদন মহলে আলোচনার কেন্দ্রে।
এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে আদালতের নির্দেশের পর পরিষ্কার, পুরনো সেই পোস্টের বিতর্ক এত সহজে থামছে না।


