Aaj India desk, কলকাতা: এস আই আর বা বিশেষ নিবিড় সমীক্ষায় (SIR) বিভিন্ন রাজ্যে বহু ভোটারের নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গেই প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রশ্ন উঠেছিল ভোটার তালিকায় নাম না থাকলে কি এই ব্যক্তিদের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। প্রতি রাজ্যে ভোটের আগেই করা এই এস এই আর কতটা বৈধ? আজ ভারতের সুপ্রিম কোর্ট এই নিয়ে রায় জানিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত এই রায়ে নির্বাচন কমিশনের পক্ষেই সিদ্ধান্ত জানিয়েছে। এবং নাগরিকত্ব নিয়েও তাদের সিদ্ধান্ত জানিয়েছে।
কি জানালো আদালত?
এস আই আর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই দেশের নাগরিকত্ব চলে যাওয়া নয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোটার তালিকা তৈরি বা সংশোধন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু কোনো মানুষের নাগরিকত্ব নির্ধারণ বা তা কেড়ে নেওয়ার কোনো আইনি অধিকার কমিশনের নেই। ভোটার তালিকায় নাম না থাকা মানে কেবল ভোট দেওয়ার অধিকার সাময়িক স্থগিত হওয়া, নাগরিকত্ব হারানো নয়। যদি নাগরিকত্ব সংক্রান্ত কোনো প্রশ্ন ওঠে, তবে নির্বাচন কমিশনকে সেই ব্যক্তির আবেদন ৪ সপ্তাহের মধ্যে ভারতের নাগরিকত্ব আইনের অধীনে থাকা সরকারি কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। একমাত্র সেই নির্দিষ্ট কর্তৃপক্ষই আইনি যাচাইয়ের পর নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে পারে, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে তা করা সম্ভব নয়।
এস আই আর প্রক্রিয়া কি বৈধ?
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভোটার তালিকায় এস আই আর বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) প্রক্রিয়াটি সম্পূর্ণ বৈধ এবং এর মধ্যে কোনো বেআইনি কাজ বা অনিয়ম হয়নি। সঠিক ভোটার তালিকা তৈরি করা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার স্বার্থে এস আই আর প্রক্রিয়া করার সম্পূর্ণ অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। এই প্রক্রিয়া দেশজুড়ে চলতে পারে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন।


