Aaj lndia Desk,কলকাতা: অন্নপূর্ণা যোজনার পর বাংলায় আরও এক কেন্দ্রীয় প্রকল্পের দরজা খুলতে চলেছে। এ বার রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। শনিবার, ২৩ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ঘোষণা করেন, চলতি বছরের জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে কার্যকর হবে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প। ভোটের আগে বিজেপির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল আয়ুষ্মান ভারত চালু করা। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতিই বাস্তবায়নের পথে পদ্ম শিবির।
মুখ্যমন্ত্রী পদে বসার পরই দিল্লি সফরে যান শুভেন্দু অধিকারী। ২১ মে রাজধানীতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পর শুভেন্দু জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গকে ৯৭৬ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে নরেন্দ্র মোদী (Narendra Modi)সরকার।
শুভেন্দু অধিকারীর এও বলেন , প্রথম ধাপে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে থাকা প্রায় ছকোটি মানুষকেই আয়ুষ্মান ভারতের সুবিধার আওতায় আনা হবে। পরে ধাপে আরও উপভোক্তাদের এই কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পে যুক্ত করা হবে।
শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যের বাসিন্দাদের পাশাপাশি ভিন্ রাজ্যে থাকা পড়ুয়া ও কর্মরত প্রায় এক কোটি মানুষও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার এই কার্ড সারা দেশেই কার্যকর হবে। তবে স্বাস্থ্যসাথীর মতো আয়ুষ্মান ভারতে সকলের নাম কীভাবে অন্তর্ভুক্ত হবে, তা এখনও স্পষ্ট নয়।
নড্ডা-অধিকারী বৈঠকের পর জাতীয় স্বাস্থ্য মিশনে রাজ্য প্রায় ২,১০৩ কোটি টাকার কেন্দ্রীয় অনুদান নিশ্চিত করেছে। পাশাপাশি, ৩০ মে থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে ১৪-১৫ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের টিকাকরণ শুরু হচ্ছে।মা ও শিশুর স্বাস্থ্য, যক্ষ্মা, ম্যালেরিয়া, হাম-রুবেলা-সহ একাধিক কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পও চালু করতে চলেছে রাজ্য। নবজাতক ও শিশুমৃত্যুর হার কমাতে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। পরিস্থিতি খতিয়ে দেখতে ও আধিকারিকদের প্রশিক্ষণ দিতে রাজ্যে তিনটি বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
সব মিলিয়ে ক্ষমতায় আসার পর প্রথম মাসেই স্বাস্থ্য খাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেছে নতুন রাজ্য সরকার। আয়ুষ্মান ভারত চালু করা, কেন্দ্রীয় অনুদান নিশ্চিত করা, টিকাকরণ কর্মসূচি শুরু এবং বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নের মতো সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় পরিবর্তনের আশা তৈরি হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলির মধ্যে স্বাস্থ্য ক্ষেত্র ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেই অনুযায়ী কাজের অগ্রগতি কিছুটা হওয়া সাধারণ মানুষ আশার আলো দেখছে।


