Aaj India Desk, হুগলি: হুগলির দাদপুরে ছাগল চুরির ঘটনাতেও এবার তৃণমূলের (TMC) নাম জড়িয়ে গেল। অভিযোগ, ধনিয়াখালির বিধায়ক (MLA) অসীমা পাত্রের দেওয়া একটি অ্যাম্বুলেন্স (Ambulance) ব্যবহার করেই এলাকায় ছাগল চুরি করা হচ্ছিল। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে দাদপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে দাদপুর গ্রামের বিভিন্ন বাড়ি থেকে মাঝেমধ্যেই ছাগল উধাও হয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা একাধিকবার থানায় অভিযোগ দায়ের করলেও এতদিন কোনও হদিশ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত শুক্রবার রাতের ঘটনার পর পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্তরা। অভিযোগ, শুক্রবার রাতে সুশান্ত গড়াই নামে এক ব্যক্তির বাড়ি থেকে চারটি ছাগল চুরি যায়। এরপর থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। শনিবার ভোরে সারখোলা এলাকায় একটি অ্যাম্বুল্যান্সে তল্লাশি চালিয়ে চুরি হওয়া দুটি ছাগল উদ্ধার করা হয়।
এরপর পুলিশ তিনজনকে আটক করে। ধৃতদের নাম আহমেদ আলি সরকার, দীপঙ্কর রায় এবং রজত ক্ষেত্রফল। আহমেদ ওই অ্যাম্বুল্যান্সের চালক বলে জানা গিয়েছে। দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়। পুলিশ সূত্রে দাবি, জেরায় অভিযুক্তরা ছাগল চুরির কথা স্বীকার করেছে। এলাকায় তারা তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত বলে জানা গিয়েছে। শনিবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়েছে।


