Aaj India Desk, নয়াদিল্লি: বর্তমানে ভারত সফরে এসে দেশের রাজধানী দিল্লিতে রয়েছেন সাইপ্রাসের (Cyprus) প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস (Nikos Christodoulides)। তাঁর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একাধিক ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।
প্রযুক্তি ও আধুনিক ক্ষেত্রে সহযোগিতা:
প্রেসিডেন্ট ক্রিস্টোডৌলিডেসের এই সফরে দুই দেশের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সাইবার স্থিতিস্থাপকতা, সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং সুরক্ষিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের মধ্যে ইতিমধ্যেই এক হয়েছে। আগামী দিনগুলোতে এই যৌথ উদ্যোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সাইপ্রাসে ভারতের ইউপিআই (UPI):
এই সফরের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগামী বছর থেকে সাইপ্রাসে ভারতের নিজস্ব ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই (UPI) পরিষেবা চালু হতে যাচ্ছে। দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত লেনদেনের ক্ষেত্রে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রবাসী ভারতীয় ও পড়ুয়াদের জন্য নতুন উদ্যোগ:
বর্তমানে সাইপ্রাসে প্রায় ১৬ হাজার ভারতীয় নাগরিক বসবাস করছেন, যার মধ্যে প্রায় ৫ হাজারই ভারতীয় পড়ুয়া। এই বিশাল প্রবাসী গোষ্ঠী দুই দেশের মধ্যে একটি মজবুত সেতু হিসেবে কাজ করছেন। তাঁদের সুবিধার কথা বিবেচনা করে দুই দেশের মধ্যে একটি বিশেষ কনসুলার ডায়ালগ বা কূটনৈতিক আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সেখানে বসবাসকারী ভারতীয়রা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে।
এর পাশাপাশি, আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে একটি মোবিলিটি পার্টনারশিপ এবং সামাজিক সুরক্ষা চুক্তি (Social Security Agreement) নিয়ে কাজ করার বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে, যা খুব শীঘ্রই চূড়ান্ত রূপ পেতে চলেছে।
এছাড়াও, শুধু প্রতিরক্ষা নয়, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রেও দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। সাইপ্রাস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও FICCI, ইনভেস্ট সাইপ্রাস ও FICCI, সাইপ্রাস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও CII-র মধ্যেও একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি, ইন্ডিয়া–গ্রিস–সাইপ্রাস বিজনেস ইনভেস্টমেন্ট কাউন্সিল এবং FICCI-র মধ্যেও গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ জানিয়েছেন, এই চুক্তিগুলি ভবিষ্যতে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে।


