Aaj India Desk, কলকাতা: পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম বাড়ার প্রতিবাদে আজ, ১৬ মে দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন গিগ ওয়ার্কাররা (Gig Workers)। ওলা, উবার, সুইগি, জোম্যাটো-সহ বিভিন্ন অ্যাপভিত্তিক পরিষেবার সঙ্গে যুক্ত চালক ও ডেলিভারি কর্মীরা (Delivery personnel) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ বন্ধ রাখার আবেদন জানিয়েছেন।
গিগ কর্মীদের অভিযোগ, জ্বালানির দাম লাগাতার বাড়তে থাকলেও তাদের আয় সেই তুলনায় বাড়ছে না। ফলে প্রতিদিনের খরচ সামলে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিস ওয়ার্কার্স ইউনিয়ন (GIPSWU)-এর দাবি, এই মূল্যবৃদ্ধির প্রভাব দেশের প্রায় ১ কোটি ২০ লক্ষ গিগ কর্মীর ওপর পড়বে। বিশেষ করে ডেলিভারি কর্মী ও ক্যাব চালকদের প্রতিদিন অনেকটা পথ ঘুরতে হয়, তাই তাদের খরচও অনেক বেড়ে যাচ্ছে।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানির দাম বাড়ার সঙ্গে তাল মিলিয়ে কোম্পানিগুলিও যেন প্রতি কিলোমিটারে ভাড়া ও সার্ভিস চার্জ বাড়ায়। তাদের দাবি, প্রতি কিলোমিটারে অন্তত ২০ টাকা বাড়তি পারিশ্রমিক দিতে হবে। না হলে বহু কর্মী ভবিষ্যতে এই পেশা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন।
ইউনিয়নের প্রতিনিধি নির্মল গোরানার কথায়, সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মহিলা কর্মী, ডেলিভারি এজেন্ট এবং গাড়িচালকরা। প্রচণ্ড গরম ও যানজটের মধ্যে অনেককেই দিনে ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। তারপরেও তারা তাদের প্রাপ্য পারিশ্রমিক পাচ্ছে না।


