Aaj India Desk, কলকাতা: নির্বাচনের আগেই কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি (BJP)। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ইঙ্গিত মিলতে শুরু করেছে। বুধবার সকালে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানালেন, খুব শীঘ্রই প্রায় সাড়ে ছ’হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
তিনি জানান, বিভিন্ন দফতরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রায় ৬৫০০ নিয়োগের একটি শর্টলিস্ট তৈরি ছিল, এখন সেটিকে চূড়ান্ত করার কাজ চলছে। তাঁর কথায়, কর্মীর অভাবে বহু জায়গায় প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন কর্মীকেই প্রায় ৩-৪টি পঞ্চায়েতের দায়িত্ব সামলাতে হচ্ছে, ফলে কাজের গতি কমে যাচ্ছে। তাই দ্রুত নিয়োগ করে সেই সমস্যা মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছেও তোলা হয়েছে এবং আগামী ক্যাবিনেট বৈঠকেও এ নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা পাঠানো হয় তা সঠিকভাবে কাজে লাগিয়ে দ্রুত নিয়োগ সম্পন্ন করার দিকেই জোর দিচ্ছে সরকার। পাশাপাশি দীর্ঘদিন ধরে বঞ্চিত কর্মীদের বিষয়েও ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি।
কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেই বিষয়ে নির্দিষ্ট দিন না জানালেও মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বিধানসভার অধিবেশন ও প্রশাসনিক অনুমোদনের পর বিষয়টি আরও পরিষ্কার হবে।


