Aaj India Desk, বাঁকুড়া: নির্বাচনের ফল ঘোষণার পর বিরোধীদের ভয় দেখানো ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে বিষ্ণুপুরের তৃণমূল (TMC) বিধায়ক দিলীপ মণ্ডলের (Dilip Mondal) বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তে বৃহস্পতিবার সকালে পৈলানে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার বড় পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মিলে এই তল্লাশি চালায়।
পুলিশের দাবি, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে নাকি বিধায়ককে বিরোধীদের উদ্দেশে উস্কানিমূলক ও হুমকির সুরে কথা বলতে দেখা যায়। এই ভিডিওকে ঘিরেই বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই তদন্ত শুরু করে পুলিশ।
জানা গিয়েছে, পৈলানে বিধায়কের দুটি বাড়ি রয়েছে। এদিন পুলিশ পৈলানে থাকা দিলীপ মণ্ডলের দুই বাড়িতেই তল্লাশি চালায়। পুলিশ আধিকারিকরা বাড়ির বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং কিছু তথ্যপ্রমাণ খোঁজার চেষ্টা করেন। তবে তল্লাশির সময় বিধায়ককে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, সকালে তাঁকে এলাকায় দেখা গেলেও পরে আর খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, পৈলানে দিলীপ মণ্ডলের বাড়িটি খুবই বিলাসবহুল, অনেকটা রিসর্টের মতো দেখতে। বড় লোহার গেট, বিশাল লন, সুইমিং পুল, দোলনা ও নানা দামি সাজসজ্জায় রয়েছে বাড়িতে। এছাড়াও, বাড়ির বিভিন্ন জায়গায় বুদ্ধমূর্তি, বাঘ ও ময়ূরের মূর্তিও রয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, ভোটের ফল বেরোনোর পর থেকেই বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।


