Aaj India Desk, কলকাতা : রাজ্যে দুর্নীতি ও আর্থিক অনিয়মের তদন্তের আবহে একের পর এক গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃনমূল নেতা। প্রতি মুহূর্তেই উঠে আসছে নতুন নাম ও নতুন দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতিতে এবার সাংবাদিক ও সংবাদমাধ্যমকেই নিশানা করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিকদের একটি অংশের সম্পত্তি, আয় এবং আর্থিক লেনদেন নিয়ে সরাসরি তদন্তের দাবি তুললেন তিনি। তাঁর এই বক্তব্যের পরই রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে।
কী কী প্রশ্ন তুললেন কুণাল?
সোশ্যাল মিডিয়া পোস্টে কোনও নির্দিষ্ট সাংবাদিক বা সংবাদমাধ্যমের নাম উল্লেখ না করেই কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিক প্রশ্ন উত্থাপন করেন। তাঁর দাবি, কোন সাংবাদিক বা সংবাদ প্রতিষ্ঠান সরকারি কোটায় জমি বা বাড়ি পেয়েছে এবং সেই সম্পত্তিগুলি বর্তমানে কার নামে রয়েছে তা খতিয়ে দেখা উচিত। তিনি আরও জানতে চান, সেই জমি বা বাড়ি বর্তমানে কী কাজে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে কোনও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে কি না।
কুণাল ঘোষের (Kunal Ghosh) আরও দাবি, কিছু কিছু সাংবাদিকের আয়, সম্পত্তি এবং জীবনযাত্রার মধ্যে অসামঞ্জস্য রয়েছে। তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে জানান তিনি। তাঁর মতে, শুধু কলকাতা নয়, শান্তিনিকেতন বা রাজ্যের অন্যান্য এলাকায় সাংবাদিকদের সম্পত্তিতে কত টাকা বিনিয়োগ হয়েছে, সেই তথ্য প্রকাশ্যে আসা উচিত।
বিদেশ সফরের অর্থের উৎস নিয়ে তোপ
সাংবাদিকদের বিদেশ সফরের প্রসঙ্গও তুলেছেন তৃণমূল নেতা। তাঁর প্রশ্ন, সরকারি বা অফিসিয়াল দায়িত্বের বাইরে কে কতবার বিদেশ সফরে গিয়েছেন এবং সেই সফরের ব্যয়ের উৎস কী ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে চিঠি দেওয়ার কথা বিবেচনা করছেন বলেও জানিয়েছেন।তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে তদন্ত এবং গ্রেপ্তারির ঘটনার প্রেক্ষাপটে কুণাল ঘোষের এই মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।


