30 C
Kolkata
Monday, August 24, 2026
spot_img

‘বাচ্চার দুধ ফুটুক বা পকোড়া ভাজা হোক…’ পার্ক স্ট্রিট বিতর্কে বিরোধীদের কড়া বার্তা অগ্নিমিত্রার

Aaj India Desk, কলকাতা: পার্ক স্ট্রিটে (Park Street) ফুটপাত দখল করে শিশুদের পাশে স্টোভ জ্বালিয়ে রান্নার ঘটনা ঘিরে বিতর্ক এখনও থামেনি। ওই ঘটনার পর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) নিশানা করে সরব হন বিরোধীরা। তাঁকে ‘অমানবিক’ বলেও কটাক্ষ করা হয়। এবার সেই আক্রমণের পাল্টা জবাব দিলেন অগ্নিমিত্রা। রবিবার আসানসোলে গিয়ে তৃণমূল (TMC) ও সিপিএমকে (CPM) তীব্র আক্রমণ করেন তিনি।

অগ্নিমিত্রার অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপকেও বিরোধীরা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। পার্ক স্ট্রিটের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ফুটপাতে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করা বা ছ’ মাসের বাচ্চাকে ব্যস্ত রাস্তার পাশে ছেড়ে রাখা চরম বিপজ্জনক। আজ যদি কোনও দুর্ঘটনা ঘটে, তখন এই বিরোধীরাই সরকারের ঘাড়ে দোষ চাপাতো।”তিনি আরও বলেন, “বাচ্চার দুধ ফুটুক, খিচুড়ি রান্না হোক কিংবা পকোড়া ভাজা হোক—ব্যস্ত রাস্তায় পথচারীদের হাঁটার জায়গা দখল করে এই ধরনের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”

শহরের ফুটপাত ও রাস্তা দখল নিয়েও সরব হন অগ্নিমিত্রা। তাঁর দাবি, দীর্ঘ ৫০ বছর ধরে বেআইনি দখলদারি এবং তোলাবাজির কারণে শহরের স্বাভাবিক পরিবহণ ব্যবস্থা ব্যাহত হয়েছে। তাঁর বক্তব্য, বর্তমান সরকার শহরকে আরও সুন্দর ও পরিকল্পিত করে তুলতে চাইছে। অনলাইন পার্কিংয়ের মতো নতুন ব্যবস্থা চালু করে শহরের পরিকাঠামোকে আরও সুশৃঙ্খল করার চেষ্টা চলছে।

এই প্রসঙ্গে সিপিএমকেও নিশানা করেন তিনি। অগ্নিমিত্রার প্রশ্ন, “অপারেশন সানশাইনে সিপিএমের মানবিক মুখ কোথায় ছিল? আজ বিরোধীরা কলকাতা শহরটাকে শেষ করে দিচ্ছে।” অগ্নিমিত্রার মতে, শহরের উন্নয়নের জন্য যানজট কমানো, রাস্তা-ফুটপাতকে চলাচলের উপযোগী রাখা এবং উন্নত পরিকাঠামো তৈরি করা জরুরি। তাঁর দাবি, শহরে ভালো পরিকাঠামো ও যাতায়াতের ব্যবস্থা না থাকলে শিল্প ও বিনিয়োগও আসবে না।

বিরোধীরা রাজ্যকে বহু বছর পিছিয়ে দিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। তবে অগ্নিমিত্রার স্পষ্ট বার্তা, নাগরিকদের নিরাপত্তা এবং শহরের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন