23 C
Kolkata
Tuesday, November 24, 2026
spot_img

সাড়ে ৩ হাজার স্কুলের হাল দেখে চোখ কপালে! এবার ৬৭টি স্কুল বন্ধের নির্দেশ শিক্ষা দফতরের

Aaj India Desk, মালদা: মালদহে বেসরকারি প্রাথমিক স্কুলের (Private primary school) সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। অথচ সরকারি অনুমোদন বা এনওসি (NOC) রয়েছে মাত্র ১৫টি স্কুলের। অর্থাৎ, অধিকাংশ স্কুলই সরকারি অনুমোদন ছাড়া চলছে বলে অভিযোগ। গত ১০ বছরে জেলায় প্রচুর বেসরকারি প্রাথমিক স্কুল তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য শিক্ষা দফতর। কীভাবে এত স্কুল তৈরি হল, কোথা থেকে টাকা আসছে এবং সেখানে কী ধরনের পড়াশোনা চলছে, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। ইতিমধ্যেই ৬৭টি বেসরকারি প্রাথমিক স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

কোন কোন এলাকার স্কুল বন্ধ করা হয়েছে?

শিক্ষা দফতরের পদক্ষেপের তালিকায় রয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর চক্রের ১৫টি স্কুল, রতুয়া ১ নম্বর চক্রের ১৩টি, কালিয়াচক ৩ নম্বর চক্রের ৯টি এবং চাঁচল ১ নম্বর চক্রের ৮টি স্কুল। এছাড়াও ইংরেজবাজার পুর এলাকায় ৬টি স্কুল বন্ধ করা হয়েছে। বাকি স্কুলগুলি অন্যান্য চক্রের। এই স্কুলগুলির ইউডাইস কোড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

কী এই ইউডাইস কোড?

UDISE Code হল প্রতিটি স্বীকৃত স্কুলের জন্য নির্দিষ্ট ১১ সংখ্যার একটি পরিচয় নম্বর। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এই ব্যবস্থা পরিচালিত হয়। কোনও স্কুলের এই কোড নিষ্ক্রিয় হয়ে গেলে সরকারি শিক্ষা সংক্রান্ত ব্যবস্থায় তার স্বাভাবিক কার্যক্রমে সমস্যা তৈরি হয়। অন্যদিকে, পড়ুয়ার সংখ্যা কম এবং প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় মালদহে ২১টি সরকারি প্রাথমিক স্কুলও বন্ধ করা হয়েছে। সেগুলিরও ইউডাইস কোড নিষ্ক্রিয় করা হয়েছে। সব মিলিয়ে গত ২০ নভেম্বরের রিপোর্ট অনুযায়ী, জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৮টি প্রাথমিক স্কুলের ইউডাইস কোড বন্ধ করা হয়েছে।

তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে বেসরকারি স্কুলগুলিকে ঘিরে। শিক্ষা দফতরের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলায় প্রায় সাড়ে ৩ হাজার বেসরকারি প্রাথমিক স্কুল রয়েছে। কিন্তু তার মধ্যে সরকারি এনওসি রয়েছে মাত্র ১৫টির। বেসরকারি স্কুল সংগঠনও এই তথ্যের কথা স্বীকার করেছে। ফলে এতগুলি স্কুল কীভাবে সরকারি অনুমোদন ছাড়া চলছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

তদন্তে আরও একটি বিষয় সামনে এসেছে। অভিযোগ, অনেক পড়ুয়ার নাম সরকারি প্রাথমিক স্কুলেও রয়েছে, আবার তারা নিয়মিত পড়াশোনা করছে বেসরকারি স্কুলে। অর্থাৎ, একই পড়ুয়া দুই ধরনের স্কুলে ভর্তি রয়েছে। কিছু অভিভাবকের দাবি, এর পিছনে রয়েছে অন্য উদ্দেশ্য। তাঁদের বক্তব্য, বেসরকারি স্কুলে পড়ার পাশাপাশি সরকারি স্কুলে নাম নথিভুক্ত থাকলে পরবর্তীতে পঞ্চম শ্রেণিতে ভালো কোনও সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাওয়া যায়।

কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট প্রাথমিক স্কুলের ৫০০ মিটারের মধ্যে বসবাসকারী পড়ুয়ারাই সেখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। অথচ অভিযোগ উঠেছে, কয়েক কিলোমিটার দূরে এমনকি অন্য ব্লক, পঞ্চায়েত ও পুর এলাকার বাসিন্দারাও নিজেদের সন্তানদের ওই স্কুলগুলিতে ভর্তি করাচ্ছেন। কখনও আত্মীয়ের বাড়ির ঠিকানা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কড়া নজরদারি শুরু করেছে শিক্ষা দফতর। গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও।

কী বলছেন স্কুল সংগঠনের কর্তারা?

বেসরকারি স্কুল কল্যাণ সমিতির সভাপতি দশরথ বর্মণের দাবি, প্রায় ১০ বছর আগে মালদহে আড়াই হাজারের মতো বেসরকারি স্কুল ছিল। বর্তমানে সেই সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। তাঁর বক্তব্য, ২০০০ সালের পর তৈরি হওয়া বহু স্কুল এখনও ইউডাইস কোড পায়নি। সংগঠনের কার্যকরী সভাপতি সৌমেন সরকার জানিয়েছেন, ২০১২ সালে প্রায় ৯০ শতাংশ স্কুল এনওসির জন্য আবেদন করেছিল। সরকারি আধিকারিকরা স্কুল পরিদর্শনও করেন। কিন্তু পরবর্তী সময়ে সেই অনুমোদন কার্যকর করা হয়নি বলে তাঁর অভিযোগ। অন্যদিকে, মালদহ ডিপিএসসির চেয়ারম্যান বিষ্ণুপদ রায়ের বক্তব্য, এই স্কুলগুলি একদিনে তৈরি হয়নি। আগের সরকারের আমলেই এগুলি গড়ে উঠেছিল। বর্তমান সরকার এবার সেই অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ করছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন