Aaj lndia Desk,পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথমবার নন্দীগ্রামে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে তিনি স্থানীয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ২০০৩ সাল থেকে যেভাবে নন্দীগ্রামের মানুষ তাঁকে দেখেছেন, ভবিষ্যতেও সেই আস্থা বজায় রাখবেন বলে আশা করেন।
তিনি আরও বলেন, নন্দীগ্রামে বিজেপি এখন বীজ থেকে বটবৃক্ষে পরিণত হয়েছে এবং সংগঠন আরও শক্তিশালী হয়েছে। নন্দীগ্রামের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ও আবেগ জড়িয়ে আছে ।
তিনি আরও জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মানুষ তৎকালীন মুখ্যমন্ত্রীকে হারিয়ে তাঁকে ১৯৫৬ ভোটে জয়ী করেছিলেন। সেই আস্থার প্রতিদান দিতে তিনি সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তাঁর কথায়, “আগের মতোই আমাকে পাবেন, আমার মধ্যে কোনও পরিবর্তন হবে না।”সভা থেকে তিনি জানান, তাঁর তরফ থেকে যতটা সম্ভব পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। নন্দীগ্রামের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক ও দায়বদ্ধতার কথাও তিনি বারবার তুলে ধরেন।
ভোট-পরবর্তী হিংসা নিয়ে মঞ্চ থেকে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মিথ্যে মামলার ভয় তিনি পান না এবং সবকিছুই আইনি পথে মোকাবিলা করবেন। তাঁর দাবি, প্রায় ৪ হাজার কর্মীকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ নয়, এবার সবকা হিসাবও হবে।” যারা হিংসার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


