Aaj India Desk, কলকাতা: কলকাতা–সাইরাং এক্সপ্রেসের (Kolkata–Sairang Express) দুর্ঘটনার পিছনে কি ট্রেনের ব্রেকিং সিস্টেমের গুরুতর ত্রুটি দায়ী? মাঝপথে ব্রেক আটকে যাওয়ার সমস্যা মেটানোর পরেও কেন পুরো ট্রেনের ব্রেক ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করা হল না? অসমের ডিগারু স্টেশনে ঘটে যাওয়া এই দুর্ঘটনার আগে ট্রেনটির যাত্রাপথের ঘটনাক্রম খতিয়ে দেখে এমনই একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে।
১৩১২৫ নম্বর কলকাতা–সাইরাং এক্সপ্রেসের গুয়াহাটি থেকে ডিগারু পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার যাত্রার বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে একটি ফ্লোচার্ট তৈরি করা হয়েছে। সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মাঝপথে ব্রেকের সমস্যা মেরামত করতে গিয়ে ট্রেনের মূল ব্রেক পাইপের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকতে পারে। আর সেই কারণেই পরবর্তী সময়ে বারবার ব্রেক কষেও ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা যায়নি।
ঠাকুরকুচিতেই প্রথম ধরা পড়ে সমস্যা
নথি অনুযায়ী, গুয়াহাটি স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় চালক-সহ দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পরিবর্তন করা হয়। এরপর প্রায় ১৯ কিলোমিটার পথ পেরিয়ে ঠাকুরকুচি স্টেশনে পৌঁছতেই প্রথম সমস্যা নজরে আসে। স্টেশন মাস্টার দেখতে পান, ইঞ্জিনের পরেই থাকা পাওয়ার কারের সামনের একটি চাকা প্রচণ্ড গরম হয়ে লাল হয়ে গিয়েছে। সেখান থেকে ধোঁয়াও বেরোচ্ছিল।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাওয়ার কারের হ্যান্ড ব্রেক পুরোপুরি না খোলার কারণেই এই সমস্যা তৈরি হয়ে থাকতে পারে। বিষয়টি ওয়াকিটকির মাধ্যমে ট্রেনের গার্ডকে জানানো হয়। রেলের ভাষায় এই ধরনের সমস্যাকে বলা হয় ‘ব্রেক বাইন্ডিং’। অর্থাৎ ব্রেক ছেড়ে দেওয়ার পরেও চাকার সঙ্গে ব্রেকের ঘর্ষণ চলতে থাকা।
পানবাড়িতে মেরামতির পরেই কি বড় ভুল?
ঠাকুরকুচি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে পানবাড়ি স্টেশনে ট্রেন থামানো হয়। সেখানে সহকারী লোকো পাইলট এবং পয়েন্টসম্যান আটকে থাকা ব্রেক পরীক্ষা করে সমস্যাটি মেটানোর চেষ্টা করেন। এরপর ফের যাত্রা শুরু করে ট্রেনটি।
কিন্তু এই মেরামতির সময়ই কোনও ভুল হয়েছিল কি না, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ফ্লোচার্টের বিশ্লেষণে আশঙ্কা করা হয়েছে, নির্দিষ্ট একটি কামরার ব্রেক বিচ্ছিন্ন করার বদলে ইঞ্জিনের দিকের BP (Brake Pipe) এবং FP (Feed Pipe)-এর মূল সংযোগ বন্ধ করে দেওয়া হয়ে থাকতে পারে। এই দুটি পাইপের মাধ্যমে ট্রেনের ব্রেকিং ব্যবস্থায় প্রয়োজনীয় বায়ুচাপ বজায় থাকে। ফলে এই সংযোগ বন্ধ হয়ে গেলে চালক ব্রেক কষলেও তার প্রভাব ট্রেনের সব কামরায় ঠিকমতো পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
ডিগারুতে একাধিকবার ব্রেক কষেও লাভ হয়নি
পানবাড়ি থেকে আরও প্রায় সাত কিলোমিটার এগিয়ে ডিগারু স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। নথিতে বলা হয়েছে, সেখানে ট্রেনটি বিপজ্জনক সিগন্যাল অতিক্রম করে চলে যায়। রেলের পরিভাষায় এই ঘটনাকে বলা হয় SPAD বা Signal Passed At Danger।
ট্রেন থামাতে লোকো পাইলট এবং সহকারী লোকো
পাইলট একাধিকবার চেষ্টা করেন। জরুরি ব্রেক, A9 ব্রেক, ইঞ্জিনের SA9 ব্রেক এবং ডায়নামিক বা রিজেনারেটিভ ব্রেক প্রয়োগের চেষ্টা করা হয়। কিন্তু কোনওভাবেই ট্রেনের গতি কমানো সম্ভব হয়নি বলে নথিতে দাবি করা হয়েছে। এমনকী গার্ডও নিজের কামরা থেকে ব্রেক প্রয়োগের চেষ্টা করেন। তাতেও কাজ হয়নি।
দুর্ঘটনার পর ইঞ্জিনের দিকের BP এবং FP পাইপের কাট-অফ অ্যাঙ্গেল কক বন্ধ অবস্থায় পাওয়া গিয়েছে বলেও নথিতে উল্লেখ রয়েছে। ফ্লোচার্ট অনুযায়ী, দুর্ঘটনায় ইঞ্জিন, সামনের পাওয়ার কার এবং সাতটি কামরা লাইনচ্যুত হয়েছিল। যদিও লাইনচ্যুত কামরার সংখ্যা নিয়ে রেলের প্রাথমিক বিবরণের সঙ্গে এই নথির পার্থক্য রয়েছে।
ব্রেক মেরামতির পর কী কী পরীক্ষা করা প্রয়োজন ছিল?
ঘটনার বিশ্লেষণে সম্ভাব্য একাধিক গাফিলতির কথা তুলে ধরা হয়েছে। প্রথমত, পানবাড়িতে মেরামতির পর ইঞ্জিন থেকে শেষ কামরা পর্যন্ত ব্রেক পাইপে বায়ুচাপের সংযোগ ঠিক রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়নি বলে দাবি।
দ্বিতীয়ত, লোকো পাইলট এবং ট্রেন ম্যানেজারের মধ্যে ওয়াকিটকির মাধ্যমে ব্রেকিং ব্যবস্থার সংযোগ সচল থাকার বিষয়টি নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, শেষ কামরা থেকে বায়ুচাপ পরীক্ষা করার প্রয়োজন থাকলেও সেই পরীক্ষা করা হয়নি বলে নথিতে উল্লেখ রয়েছে।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা আটকাতে কী সুপারিশ?
এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে। ব্রেক আটকে যাওয়ার প্রতিটি ঘটনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। কোনও একটি কামরার ব্রেক বিচ্ছিন্ন করার প্রয়োজন হলে শুধুমাত্র সেই কামরার নির্দিষ্ট সংযোগই বন্ধ করতে হবে। ইঞ্জিন বা কোচের মূল BP এবং FP পাইপের সংযোগ কোনওভাবেই বন্ধ করা যাবে না।
এছাড়াও, মাঝপথে ব্রেক মেরামতির পর ট্রেনের শেষ কামরা পর্যন্ত বায়ুচাপের সংযোগ পরীক্ষা করা এবং ফের ব্রেকের কার্যকারিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।সব মিলিয়ে, কলকাতা–সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার আগে কী ঘটেছিল, তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। তবে ব্রেকিং সিস্টেমের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি এখনও নথিতে উত্থাপিত আশঙ্কা ও বিশ্লেষণের পর্যায়েই রয়েছে। চূড়ান্ত তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ কী উঠে আসে, এখন সেদিকেই নজর।


