Aaj India Desk, কলকাতা : পুজোর আনন্দ মুহূর্তে পরিণত হয়েছিল ভয়াবহ বিপর্যয়ে। মধ্য কলকাতার চোরবাগানে পদপিষ্ট (Chorbagan Stampede) হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নিরাপত্তা ব্যবস্থার একাধিক ফাঁকফোকর। লালবাজারের বিশেষ তদন্তকারী দল (SIT)-এর জেরায় উঠে এসেছে, ভিড় সামলানোর দায়িত্বে থাকা প্রায় ৬০ জন বেসরকারি নিরাপত্তারক্ষীর কারওই প্রয়োজনীয় প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছিল না!
তদন্তকারীরা এখনও পর্যন্ত প্রায় ১০০ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাঁদের মধ্যে ৬০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী এবং ৪০ জন পুলিশকর্মী ও আধিকারিক। তাঁদের বয়ান থেকেই জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীদের অনেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। পুজোর মরশুমে কিছু অতিরিক্ত উপার্জনের সুযোগ দিয়ে তাঁদের কাজে নিয়োগ করা হয়েছিল।(Chorbagan Stampede)
পুলিশের কাছে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে দর্শনার্থীদের লাইনে রাখা, ছবি বা সেলফি তুলতে গিয়ে যাতে কেউ বেশি সময় না নেন এবং দ্রুত মণ্ডপ থেকে বেরিয়ে যান, তা নিশ্চিত করাই ছিল তাঁদের কাজ। কিন্তু ভিড় নিয়ন্ত্রণের পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে কী পদক্ষেপ করতে হবে, সে বিষয়ে কোনও প্রশিক্ষণ বা নির্দেশ দেওয়া হয়নি।(Chorbagan Stampede)
তদন্তে আরও উঠে এসেছে, মণ্ডপের প্রস্থান গেট থেকে বাইরের লোহার গেটের মাঝখানে প্রায় ২০ ফুট জায়গায় কোনও পুলিশকর্মী বা নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন না। বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের একাংশ বাইরে বেরোতে চাইছিলেন না। অন্যদিকে, প্রবেশপথ দিয়ে অতিরিক্ত দর্শনার্থী ঢুকতে থাকেন। এই পরিস্থিতিতে ওই ফাঁকা অংশে নজরদারির অভাব বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে উঠেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দুই ব্যক্তির মাধ্যমে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করেছিল পুজো কমিটি। তাঁরাও একটি সংস্থা পরিচালনা করেন। গোটা নিয়োগ প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নির্ধারণ নিয়েও তদন্ত চলছে। চোরবাগান কাণ্ডে ১৯ জনের মৃত্যুর পর এখন বড় প্রশ্ন, পর্যাপ্ত প্রশিক্ষণ ও পরিকল্পনা থাকলে কি এড়ানো যেত এই বিপর্যয়?


