Aaj India Desk, কলকাতা : রাজ্যে ক্ষমতার পালা বদল সাঙ্গ হতেই নতুন রাজ্য সরকারের সক্রিয়তায় ক্রমাগত কোণঠাসা হয়ে পড়েছিলেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। তবে সেইসব বাধা সরিয়ে এবার ফের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজ্যে বিপুল মার্জিনে পরাজয়ের পর শেষ পর্যন্ত আগামীকাল থেকে প্রকাশ্য কর্মসূচি করতে চলেছেন তিনি।
কোথায় কোথায় চলবে কর্মসূচি ?
প্রথম দিনের কর্মসূচিতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ এবং কলকাতার বেলেঘাটা বিধানসভা এলাকায় যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ। মূলত আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেই আগামীকালের সফর পরিকল্পনা করা হয়েছে।
সোনারপুর দক্ষিণে ভোট-পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে বেলেঘাটায় গিয়ে আর এক দলীয় কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থা ও পরিস্থিতির খোঁজ নেবেন অভিষেক।
দলের রাশ ধরতেই মাঠে নেমেছেন?
উল্লেখ্য, ভোটের ফলাফলের পর থেকেই নতুন সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। কলকাতা পুরসভা তাঁর বাড়ি সহ একাধিক সম্পত্তিতে অবৈধ নির্মাণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে নোটিস পাঠিয়েছে। শান্তিনিকেতনসহ তাঁর বাসভবন ও অফিস থেকে এলাকা নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, যদিও ব্যক্তিগত জেড প্লাস সুরক্ষা এখনও বহাল রয়েছে। এছাড়া ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল।
অন্যদিকে, ভোটে শোচনীয় পরাজয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে একাংশের নেতাকর্মীরা নির্বাচনী কৌশল, আই-প্যাকের ভূমিকা এবং তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’-এর ব্যর্থতার দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর চাপিয়ে আসছিলেন। প্রকাশ্যেও তাঁর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই আবহেই এবার সরাসরি মাঠে নেমে সংগঠনের কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিক মহলের মতে, এই সফর শুধু আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করা নয়, দলের ভিতরে জমে ওঠা ক্ষোভ ও অনাস্থার জবাব দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ।


