Aaj lndia Desk, মুম্বই: ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)-এ শেষ ষোলোর লাইনআপ সম্পূর্ণ হল। রাউন্ড অব ৩২-এর ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে ৮ বছর পর আবারও বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল কলম্বিয়া। ২০১৮ সালের পর ফের প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে হামেস রদ্রিগেজের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। ম্যাচের ১৪ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে দুর্দান্ত গোল করেন জন অ্যারিয়াস। সেই একমাত্র গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। যদিও ৮ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন কলম্বিয়ার জন কর্দোবা। তাঁর পরিবর্তে নামেন লুইস সুয়ারেজ।
গোল খাওয়ার পর ঘানা ম্যাচে ফেরার চেষ্টা করলেও তেমন কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। অন্যদিকে কলম্বিয়া একের পর এক সুযোগ তৈরি করে। ঘানার গোলরক্ষক লরেন্স জিগি একাধিক দুর্দান্ত সেভ করে দলকে বড় ব্যবধানে হারার হাত থেকে বাঁচান। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে লুইস ডিয়াজ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
এই ম্যাচের আগে ঘানাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশের স্বঘোষিত জাদুকর নুনো কুয়াকি বোন্সাম। বিভিন্ন ভবিষ্যদ্বাণী ও জাদুর দাবি করে তিনি আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ঘানার বিশ্বকাপ থেকে বিদায় ঠেকাতে পারেননি।
এই জয়ের ফলে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। সেই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচের সম্ভাব্য বিজয়ীর মুখোমুখি হতে পারে।
বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর সূচি (ভারতীয় সময়):
– ৪ জুলাই: কানাডা বনাম মরক্কো – রাত ১০:৩০
– ৫ জুলাই: প্যারাগুয়ে বনাম ফ্রান্স – রাত ২:৩০
– ৬ জুলাই: ব্রাজিল বনাম নরওয়ে – রাত ১:৩০
– ৬ জুলাই: মেক্সিকো বনাম ইংল্যান্ড – ভোর ৫:৩০
– ৭ জুলাই: পর্তুগাল বনাম স্পেন – রাত ১২:৩০
– ৭ জুলাই: যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম – ভোর ৫:৩০
– ৭ জুলাই: আর্জেন্টিনা বনাম মিশর – রাত ৯:৩০
– ৮ জুলাই: সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া – রাত ১:৩০


