Aaj India Desk, নদিয়া: মা কালীকে নিয়ে করা একটি পুরনো মন্তব্যের জেরে আবারও চর্চায় উঠে এলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। কালী বিতর্কে তাঁর নাম জড়ানোর পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। সেই সময় তৃণমূল (TMC) স্পষ্ট জানিয়ে দিয়েছিল, মহুয়ার ব্যক্তিগত মন্তব্যকে দল সমর্থন করে না।
শুক্রবার কৃষ্ণনগর আদালতে ওই মামলার শুনানিতে মহুয়ার হাজিরা দেওয়ার কথা ছিল। সেই খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে বহু মানুষের ভিড় জমে যায়। অনেকে সাংসদকে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলেন। কয়েকজনের হাতে ডিম, টমেটো ও কলাও দেখা যায়। তবে শেষ পর্যন্ত মহুয়া আদালতে উপস্থিত না হওয়ায় অপেক্ষারত অনেকেই হতাশ হন।
উল্লেখ্য, ২০২২ সালে কানাডাভিত্তিক চলচ্চিত্র নির্মাতা লিনা মনিমেকালাইয়ের একটি তথ্যচিত্রের পোস্টারকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়েছিল। ওই পোস্টারে মা কালীর বেশে থাকা এক চরিত্রকে ধূমপান করতে দেখা যায়। সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহুয়া বলেছিলেন,” প্রত্যেক মানুষের কাছে ঈশ্বরকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে।” তাঁর মতে, “মা কালী এমন এক দেবী যাঁকে তিনি মাংস ও মদ গ্রহণকারী রূপে কল্পনা করেন।”
এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তীব্র বিতর্ক শুরু হয়। বিজেপি অভিযোগ তোলে, এই ধরনের বক্তব্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং গ্রেফতারের দাবিও ওঠে। শুধু কৃষ্ণনগর নয়, কলকাতাসহ দেশের একাধিক জায়গায় এ নিয়ে অভিযোগ জমা পড়েছিল। সেই মামলাগুলিরই একটি এখনও বিচারাধীন রয়েছে। এদিন আদালতে সাংসদের অনুপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এক ক্ষুব্ধ মহিলা বলেন, মা কালীকে নিয়ে করা মন্তব্যের জন্য তিনি এখনও মহুয়ার ওপর রাগ পুষে রেখেছেন। তাঁর দাবি, সাংসদ আদালতে এলে তাঁকে পচা ডিম, টমেটো ও কলা দিয়ে প্রতিবাদ জানানো হতো।


