Aaj India Desk, কলকাতা: উত্তর কাশীপুর এলাকা থেকে এক প্রবীণ মাওবাদী (Maoist) নেত্রীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police) । ধৃতের নাম শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা (৬০)। তিনি মূলত নদিয়ার চাকদহের বাসিন্দা বলে জানা গেছে।অন্যদিকে, এই একই দিনে আরও একজন মাওবাদী নেতা মাধাই আত্মসমর্পণ করেছেন। আজ সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের এসটিএফ (STF)-এর জয়েন্ট সিপি ভি সলোমান ও অতিরিক্ত পুলিশ কমিশনার ডি.পি. সিং উপস্থিত ছিলেন। সেখানেই মাধাইকে সাংবাদিকদের সামনে আনা হয়।
মাধাই জানান, তিনি আগে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তখন তাদের কিছু নীতি ভালো লাগলেও সময়ের সঙ্গে সংগঠনের চরিত্র ও পরিস্থিতি বদলে যায়। সমাজের পরিবর্তন ও নিজের অভিজ্ঞতা বিচার করে তিনি মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। শারীরিক অবস্থাও ভালো না থাকায় তিনি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন বলে জানান। তিনি হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা। ২০০৭ সালে একবার গ্রেফতার হয়েছিলেন এবং জামিনের পর ঝাড়খণ্ডে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেন।
অন্যদিকে, গ্রেফতার হওয়া মাওবাদী নেত্রীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বলে খবর পাওয়া গেছে পুলিশ সূত্রে। ২০০৫-০৬ সালের দিকে তিনি পশ্চিম মেদিনীপুরে সক্রিয় ছিলেন এবং সেখানেও একবার গ্রেফতার হন। পরে জামিনে বেরিয়ে আবার সংগঠনে যুক্ত হন। ঝাড়খণ্ডে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেখানে তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা ধার্য ছিল বলে জানা যায়। কিছুদিন ধরে তিনি কলকাতার উত্তর কাশীপুরে লুকিয়ে ছিলেন, সেই তথ্য পেয়ে STF অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


