Aaj India Desk, কলকাতা : ‘গুন্ডাদমন’ (Anti-Goonda Bill) করতে গিয়ে এবার সামনে এসেছে আইনেরই কাঁটা! কেন্দ্রের আপত্তি, রাজ্যের প্রস্তাবিত বিলের একটি ধারা সরাসরি সংঘাতে যাচ্ছে NDPS ও PITNDPS আইনের সঙ্গে। আর সেই আইনি জটিলতার কারণেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি না পেয়ে পুনর্বিবেচনার জন্য ফিরেছে শুভেন্দু সরকারের ‘গুন্ডাদমন’ বিল।
কী বললেন শুভেন্দু?
রাষ্ট্রপতির সিদ্ধান্তের পর শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আইনি সংস্থান খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য। তাঁর কথায়, “গুন্ডাদমন (Anti-Goonda Bill) আইন আরও চারটি রাজ্যে আছে। আমরা আইনি পথেই কাজ করব। অসুবিধা কিছু হবে না।”
বিল ফেরত আসা নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “পোস্টারে ডবল ইঞ্জিন, কাজে রিভার্স গিয়ার! হোমওয়ার্ক ফেরত, সংশোধনের নির্দেশ।” অভিষেকের সেই মন্তব্য তুলে শুভেন্দু বলেন, “যে যা বলছে, বলতে দিন! গুন্ডারা এখন ভয় পেয়েছে, তাই এ সব বলছে। বাকিটা আমরা বুঝে নেব।” তাঁর আরও বক্তব্য, গুন্ডারা যাতে ভয় পায় এবং জেলে যায়, সেই ব্যবস্থা রাজ্য সরকার অবশ্যই করবে।
কোথায় আপত্তি কেন্দ্রের?
কেন্দ্রের পাঠানো নোটে বিলটির (Anti-Goonda Bill) একটি নির্দিষ্ট ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত বিলের Section 2(d)(iii)(B)-এ ‘গুন্ডা’র সংজ্ঞার মধ্যে এমন ব্যক্তিকেও রাখা হয়েছে, যিনি NDPS Act, 1985-এর অধীনে শাস্তিযোগ্য কোনও অপরাধ করেন, করার চেষ্টা করেন, তাতে সাহায্য করেন বা অর্থ জোগান। কেন্দ্রের বক্তব্য, এই বিধান মাদক সংক্রান্ত অপরাধে প্রতিরোধমূলক আটক নিয়ে তৈরি PITNDPS Act, 1988-এর সঙ্গে সংঘাত তৈরি করতে পারে। কেন্দ্রের নোটে বলা হয়েছে, একই বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য আইনের মধ্যে সংঘাত হলে সংবিধানের ২৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনি বৈপরীত্যের প্রশ্ন উঠতে পারে। এই সংঘাত এড়াতে ‘গুন্ডাদমন’ বিল থেকে NDPS Act সংক্রান্ত ওই বিধানটি বাদ দেওয়ার সুপারিশ করেছে কেন্দ্র। সংশোধনের পর বিলটি ফের বিধানসভায় পেশ করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো যেতে পারে বলে রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন। এবার কেন্দ্রীয় আইনের সঙ্গে সংঘাতের জায়গাগুলি সংশোধন করে ‘গুন্ডাদমন’ বিল ফের বিধানসভায় আনা হবে, নাকি অন্য কোনও আইনি পথ নেওয়া হবে সেটাই দেখার।


