কলকাতা: বিকেল ৪.৪৫। ভোটগ্রহণে বাকি আর মাত্র ঘন্টাখানেক। এরই মধ্যে একবালপুরে ভোটকেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিপুল সংখ্যক ভোটার। ঘটনাস্থলে পৌঁছলেন শুভেন্দু (Suvendu Adhikari)। আর তাঁকে দেখেই ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ।
ভিড়কে ছত্রভঙ্গ করতে শুরু করে র্যাফ। তৃণমূলের অভিযোগ, “সকাল থেকেই ভোটারদের উত্যক্ত করতে এলাকায় টহল দিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপি কর্মীরা”। তাঁদের দাবী, ভোট ব্যহত করাই বিজেপির লক্ষ্য। পাল্টা বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, “ওরা ফলস ভোটিং করছিল। সেটা করতে দিইনি। আমি সকাল থেকে সব বুথে ঘুরে নিয়েছি”।
৭৭ নম্বর ওয়ার্ড নিয়ে “ডাউটফুল” শুভেন্দু!
আজ দুপুরে শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেন যে ভোটের হার বাড়লেই তাঁর জয়ের সম্ভাবনা আরও শক্ত হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, যদি মোট ভোট প্রায় ৮০ শতাংশের কাছাকাছি পড়ে, তাহলে তিনি সহজেই জয়ী হবেন বলে তিনি আশাবাদী। এমনকি ভোটের হার ৯০ শতাংশে পৌঁছালে তিনি আরও বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে পারবেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ভোটের ফলাফলে ৭৭ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি সব এলাকায় তাঁর পক্ষেই লিড থাকবে। অর্থাৎ, বেশিরভাগ ওয়ার্ডেই তিনি এগিয়ে থাকবেন বলে তাঁর দাবি। এছাড়া তিনি (Suvendu Adhikari) ৭৭ নম্বর ওয়ার্ড নিয়ে অভিযোগ তুলে বলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু কার্যকলাপ চলছিল, যা কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে বন্ধ করে দিয়েছে। তাঁর মতে, কেন্দ্রীয় বাহিনীর এই পদক্ষেপের ফলে সেই এলাকায় বিরোধীদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে।


