Aaj India Desk, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর একটি পুরনো বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সেই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে তিনটি ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। অভিযোগকারী তুষারকান্তি দাস (Tusharkanti Das) নামে এক ব্যবসায়ীর দাবি, বক্তব্যটি এতটাই বিতর্কিত যে পুলিশের নিজে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
ঘটনাটি চলতি বছরের মার্চ মাসের। বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” এই বক্তব্যকে কেন্দ্র করেই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর মতে, এই ধরনের মন্তব্য সমাজে উত্তেজনা ছড়াতে পারে এবং তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।
তুষারকান্তি দাস বলেন, “ওরকম একজন পদাধিকারী কী করে এমন একটা কথা বলে দিতে পারেন। সাধারণ মানুষ, যাঁর মাথায় একটুও সেন্স আছে, তিনি এই মন্তব্য করবেন না। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করতে পারত। করেনি যখন কাউকে না কাউকে তো করতে হবে।” তিনি আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানাক তিনি কোন সম্প্রদায়ের কথা বলতে চেয়েছিলেন। তাঁর কথায়, “উনি সবার আগে এসে বলুন, উনি কোন কমিউনিটির কথা বলতে চেয়েছেন। পুলিশ পুলিশের কাজ করুক। মানুষ তাকিয়ে আছে পুলিশের দিকে।”
এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার, তদন্তে পুলিশ কী পদক্ষেপ নেয় এবং এই বিতর্ক কোন দিকে গড়ায়।


