Aaj India Desk,কলকাতা: রাজ্যের রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandopadhyay)। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়কদের নেতৃত্বে গড়ে ওঠা শিবিরের নেতা হিসেবে তাঁকে বিরোধী দলনেতা করা হয়েছে। ঋতব্রতের দাবি, বর্তমানে তাঁদের শিবিরে ৬৫ জন বিধায়ক রয়েছেন।
আগামী ১৮ জুন থেকে শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন। তার আগে মঙ্গলবার বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটি (বিএ কমিটি) ও সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই ঋতব্রতকে তাঁর নতুন দল নিয়ে প্রশ্ন করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
বৈঠক শুরুর আগে অর্থমন্ত্রী জানতে চান, “আপনাদের দলের নাম কী ঠিক হয়েছে?” জবাবে ঋতব্রত বলেন, “নামে কী আসে যায়!” উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত উক্তি ব্যবহার করে দেওয়া তাঁর এই উত্তরে বৈঠকে উপস্থিত সকলের মধ্যে হাসির রোল ওঠে।
তবে এই বৈঠককে ঘিরে আরও একটি বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তৃণমূলের প্রবীণ নেতা ও বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বৈঠকে ডাকা হয়নি। একই অভিযোগ উঠেছে কুণাল ঘোষদের ক্ষেত্রেও। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর, নওশাদ সিদ্দিকী এবং মুস্তাফিজুর রহমান।
একাংশের মতে, এই ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে বিধানসভা সচিবালয় নতুন রাজনৈতিক সমীকরণকে গুরুত্ব দিতে শুরু করেছে। যদিও রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, বিরোধী দলনেতা এবং বিরোধী দলের মুখ্য সচেতক দু’জনকেই বৈঠকে দেখা গিয়েছে। তাই এ নিয়ে কোনও বিতর্ক নেই বলেই তাঁর দাবি।
আগামী ২২ জুন দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী। ২৫ জুন পর্যন্ত চলবে বাজেট অধিবেশন। এরপর ৬ জুলাই আবার বিধানসভা বসবে। তাই আগামী কয়েক সপ্তাহে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।


