Aaj India Desk, কলকাতা: নিউমার্কেটের (New Market Fire) মির্জা গালিব স্ট্রিটের সেই হোটেল বিল্ডিংটি আপাতত পুরোপুরি সিল (Seal) করে দিয়েছে দমকল (Fire Department)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে সাধারণের প্রবেশ বন্ধ। নিরাপত্তার কথা মাথায় রেখে বিল্ডিংয়ের সামনে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। দমকলের তরফে গতকালই বিল্ডিং সিল করার বিষয়ে নোটিস দেওয়া হয়েছিল।
অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। নিউমার্কেট থানার পুলিশ প্রথমে হোটেল যাপনের ম্যানেজার সঞ্জয় ও কর্মী বিটুকে আটক করে। তদন্তে উঠে এসেছে, হোটেল যাপনও পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্রেরই মালিকানাধীন। সেখানে সঞ্জয় ম্যানেজার এবং বিটু কর্মী হিসেবে কাজ করেন।
এছাড়াও আরও এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্যদিকে, জমির মালিক আবু জাফরকেও আটক করেছিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। পরে তাঁকে গ্রেফতার করেছে ডিডি। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের পরিধি আরও বাড়ল।
উল্লেখ্য, বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আচমকাই আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় ছিলেন অধিকাংশ আবাসিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে প্রাণ হারিয়েছেন ৯ জন। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু রয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। উদ্ধারকাজের পাশাপাশি আগুন লাগার কারণ এবং কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তাঁর বক্তব্য, এই ঘটনা শহরের বহু জায়গায় দীর্ঘদিনের অব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তা বিধি না মানার বিষয়টিকে ফের সামনে নিয়ে এসেছে। যথাযথ নজরদারি ছাড়াই বহু পরিকাঠামো তৈরি হয়েছে এবং প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কিছু হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছিল বলেও অভিযোগ উঠেছে।


